বোমা হামলায় নিহতদের পরিবারে মাতম

‘আমার ভাইটার কোনো দোষ আছিল কি? ভাই তো দায়িত্ব পালন করছিল! মারল কেন, কী দোষ?’ কান্নার সঙ্গে এ রকম ছোট ছোট জিজ্ঞাসা ছিল। কিন্তু এ জিজ্ঞাসার জবাব ছিল না কারও কাছে। সান্ত্বনাও খুঁজে পাচ্ছিলেন না। ‘প্রশাসনের মানুষ হয়েও যদি নিরাপত্তা না থাকে, তাহলে কোথায় যাব আমরা?’
এটুকু বলেই কান্নায় ভেঙে পড়লেন সাইফুল ইসলাম। সিলেটে জঙ্গি আস্তানার পাশে দায়িত্ব পালনকালে বোমা হামলায় নিহত সিলেট মহানগরের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের ভাই তিনি। নোয়াখালী সদরের পূর্ব এওজবালিয়া গ্রামে তাঁদের বাড়ি। গতকাল রোববার সকালে সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল মর্গের সামনে কথা হচ্ছিল তাঁর সঙ্গে।
গত শনিবার সিলেটে জঙ্গি আস্তানার পাশে বোমা হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালনকালে, বাকিরা জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দেখতে গিয়ে নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা মনিরুলের বাড়ি নোয়াখালী, চৌধুরী মো. আবু কয়সরের বাড়ি সুনামগঞ্জে। বাকি তিনজনের বাড়ি সিলেটে, আরেকজনের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বোমা হামলায় আচমকা এই মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।
সাইফুল জানান, চার ভাই ও তিন বোনের মধ্যে মনিরুল ছিলেন দ্বিতীয়। ২০০৩ সালে উপপরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। পরে পদোন্নতি পেয়ে পুলিশের পরিদর্শক হিসেবে সিলেটের মহানগর পুলিশে যোগ দেন। মহানগর পুলিশের কোতোয়ালিসহ কয়েকটি থানায় দায়িত্ব পালন শেষে সর্বশেষ জালালাবাদ থানায় কর্মরত ছিলেন। ২০১০ সালে বিয়ে করেন মনিরুল। ১ বছর ৭ মাসের একটি ছেলে আছে তাঁর। আকস্মিক মৃত্যুর খবরে মনিরুলের স্ত্রী পারভিন আক্তারও বাক্রুদ্ধপ্রায়।
গতকাল বিকেলে নোয়াখালীতে মনিরুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে মাতম। স্ত্রী পারভিন আক্তার বলেন, ‘আমার এই মাছুম বাচ্চার কী হবে? কারা আমার স্বামীকে এভাবে মেরে ফেলল? আমার স্বামীর তো কোনো অপরাধ ছিল না। কেন তাঁকে এভাবে জীবন দিতে হলো? আমি সরকারের কাছে স্বামী হত্যার বিচার চাই।’
কর্তব্যরত অবস্থায় বোমা হামলায় প্রাণ হারিয়েছেন সিলেটের পুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সর দীপু। তাঁর বাড়ি সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায়। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক চৌধুরী আছদ্দর আলী মোক্তারের সাত ছেলের মধ্যে তৃতীয় ছিলেন কয়সর। নিঃসন্তান কয়সরের পরিবারে আছেন স্ত্রী।

কয়সরের মরদেহ গতকাল বিকেল পাঁচটায় সুনামগঞ্জে এসে পৌঁছায়। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবু কয়সরের বাবা মো. আছদ্দর আলী চৌধুরী একজন আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। সাত ভাই ও এক বোনের মধ্যে কয়সর ছিলেন তৃতীয়। সুনামগঞ্জে ক্রিকেট খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্ত্রী লোপা বেগমকে নিয়ে সিলেটেই থাকতেন। তাঁদের কোনো সন্তান ছিল না।
দুই পুলিশ কর্মকর্তা ছাড়াও বোমা হামলায় নিহত কলেজছাত্র দুজনের একজন মদনমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওয়াহিদুল ইসলাম অপু। তাঁর বাসা সিলেট নগরের চাঁদনীঘাট এলাকায়। বাবা নেই। এক ভাই, দুই বোনের মধ্যে সবার বড় ওয়াহিদুল। গতকাল দুপুরের দিকে বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। এক প্রতিবেশী জানান, দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় তাঁদের মূল বাড়ি। পরিবারের সবাই সেখানে গেছেন।
অপর কলেজছাত্র জান্নাতুল ফাহিম (১৮) কুচাইয়ের ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাবা কামাল আহমদ কাবুল দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। ফাহিমও ছাত্রলীগের দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উপপরিবেশ ও বনবিষয়ক সম্পাদক ছিলেন।
দুই ভাই, এক বোনের মধ্যে ফাহিম দ্বিতীয়। তাঁদের বাড়ির অদূরে চলছিল জঙ্গিবিরোধী অভিযান। তাই গতকাল সকাল থেকে সহপাঠী কয়েকজনকে নিয়ে ওই এলাকার আশপাশে ছিলেন ফাহিম। ফেরার পথে দ্বিতীয় বোমা হামলায় আক্রান্ত হন তিনি।
নিহত ডেকোরেটার ব্যবসায়ী শহীদুল ইসলামের (৩০) ব্যবসাপ্রতিষ্ঠানের নাম ‘প্রাইম লাইটিং অ্যান্ড ডেকোরেটার্স’। শহীদুলের বাসা নগরের দাঁড়িয়াপাড়ায়। সেখানেই ব্যবসাপ্রতিষ্ঠান তাঁর। অভিযান চলাকালে বিকেলে নিজের মোটরসাইকেলে খাদিম শাহ (২৬) নামের এক ডেকোরেটর কর্মীকে নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় বোমা হামলাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
শহীদুলের বড় ভাই সাইদুল ইসলাম বলেন, খাদিম শাহর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার দুলারবাজারের কল্যাণপুরে। পরিবারে শহীদুলের স্ত্রী ও পাঁচ মাস বয়সী এক কন্যাসন্তান আছে জানিয়ে সাইদুল বলেন, ‘আমরা দিশাহারা অই গেছি, কী থাকি কী ঘটল বুঝি উঠতা পাররাম না।’
একনজরে অভিযান
২৩ মার্চ দিবাগত রাত আড়াইটায় ‘আতিয়া মহল’ ঘেরাও করে পুলিশ
২৪ মার্চ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা। ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট। সেনাবাহিনীর পর্যবেক্ষণ
২৫ মার্চ সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট শুরু। আটকা পড়া ৭৮ জন উদ্ধার। সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের পর দুই দফা বোমা বিস্ফোরণ। ৬ জন নিহত
২৬ মার্চ সকাল থেকেই ওই এলাকায় জঙ্গিবিরোধী তল্লাশি ও অভিযান। দুই জঙ্গি নিহত। অভিযান অব্যাহত রাখার ঘোষণা