বোমা হামলায় পল্লি চিকিৎসক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী-রতিরামপুর সড়কে গত সোমবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাত ও বোমা হামলায় আবদুর রহিম (৪০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।স্থানীয় বিএনপি নিহত রহিমকে তাদের দলীয় কর্মী এবং ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। পুলিশ রাতেই জিয়াউর রহমান নামের এক সন্ত্রাসীকে আটক ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রতিরামপুর গ্রামের পল্লি চিকিৎসক আবদুর রহিম সোমবার রাত সাড়ে আটটার দিকে মনোহরপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উথলী আমতলা-রতিরামপুর সড়কের জ্যাকি ইটভাটার কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে। পরে তাঁকে এলোপাতাড়ি কোপায় এবং পর পর দুটি বোমা ফাটায়। বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বিস্ফোরণে ক্ষত-বিক্ষত রহিমকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পাশের উথলী আমতলা ও রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রহিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিহত রহিমের ময়নাতদন্ত শেষে দুপুরে রতিরামপুর গ্রামে তাঁকে দাফন করা হয়। এদিকে সোমবার রাতের বোমা হামলার পরপরই উথলী বাজার থেকে স্থানীয় লোকজন রক্তাক্ত জামা-কাপড়সহ জিয়াউর রহমান (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁর বাড়ি দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে। এদিকে উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নিহত রহিমকে তাঁর দলের কর্মী বলে দাবি করেছেন। জীবননগর থানার ওসি শাহাজাহান খান জানান, ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন হয়েছেন আবদুর রহিম। গ্রেপ্তার হওয়া জিয়াউরও পুলিশকে একই তথ্য দিয়েছেন।