বোমা হামলায় সাংবাদিক নাঈমুল ইসলাম ও তাঁর স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খানের গাড়িতে গতকাল সোমবার রাতে বোমা হামলা হয়েছে। এতে তিনি ও তাঁর স্ত্রী নাসিমা খান আহত হয়েছেন। তাঁদের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে এ হামলা হয়। আমাদের অর্থনীতির বিশেষ প্রতিনিধি সন্তোষ শর্মা বলেন, তেজগাঁওয়ের শাহীন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে নাঈমুল ইসলাম খান ও তাঁর স্ত্রী ধানমন্ডির বাসার উদ্দেশে রওনা দেন। গাড়িটি সামান্য এগোনোর পর দুই পাশ থেকে কয়েকজন লোক গাড়ি লক্ষ্য করে অন্তত ছয়টি হাতবোমা নিক্ষেপ করে। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তাঁরা আহত হন। তাঁদের মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কাচের টুকরা ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, ঘটনাস্থল কাফরুল থানার আওতাধীন। কিন্তু কাফরুল থানার ওসি দাবি করেন, সেটি তাঁর থানা এলাকার ঘটনা নয়।