বোমা 'বহনকারী' গুরুতর আহত
রাজধানীর কাঁটাবনে গতকাল রোববার সকালে হঠাৎ বিস্ফোরণে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশ বলেছে, আনোয়ারই ওই বোমাটি বহন করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে বিস্ফোরণটি ঘটে। এর পরই একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, আনোয়ারের কাছে থাকা বোমাটি বিস্ফোরিত হলে তিনি আহত হন।
আনোয়ারকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পরপরই খবর পেয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে যায়। তারা কাঁটাবনের মোড় থেকে ফুলের দোকানগুলো পর্যন্ত চারপাশ হলুদ ফিতা দিয়ে ঘিরে ফেলে। এরপর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা চিংড়ি রেস্টুরেন্টের সামনে পড়ে থাকা একটি অবিস্ফোরিত বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান। সাধারণ ককটেলের চেয়ে বহুগুণ বেশি শব্দে তা বিস্ফোরিত হয়।
ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, আনোয়ারের কাছে দুটি বোমা ছিল। একটি ছুড়ে মারার পর অন্যটি তাঁর কাছে থাকা অবস্থাতেই বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বোমাটি সম্ভবত কাগজে মোড়ানো অবস্থায় তাঁর পকেটে ছিল বা নেটের ব্যাগে হাতে ঝোলানো ছিল।
ছানোয়ার হোসেন বলেন, বিস্ফোরিত ও পড়ে থাকা দুটি বোমাই শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস)। দুটি বোমাতেই বৈদ্যুতিক বর্তনী ও পেনসিল ব্যাটারি পাওয়া গেছে। তবে এর সুইচটি খুঁজে পাওয়া যায়নি। পাইপের ভেতরে বোমার উপকরণগুলো বসিয়ে কালো স্কচটেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এগুলো হাতে তৈরি বেশ শক্তিশালী বোমা। ভেতরে স্প্লিন্টার হিসেবে পেরেক, আলপিন ইত্যাদি ব্যবহার করা হয়েছে। জনবহুল জায়গায় বিস্ফোরিত হলে অনেক মানুষ হতাহত হতে পারত।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থলে আহত আনোয়ার তাঁদের বলেন, তিনি মৌচাক আনারকলি মার্কেটের সামনের ফুটপাতে কসমেটিক্সের ব্যবসা করেন।
চিকিৎসকেরা জানান, আনোয়ারের দুই ঊরুর মাংস খুবলে উড়ে গেছে। দুই হাতের কবজির ওপর থেকে গিঁট পর্যন্ত এবং পেটসহ বিভিন্ন জায়গায় জখম রয়েছে। হাসপাতালে তাঁর মা পারভীন বেগম দাবি করেন, তাঁর ছেলে ঘটনার শিকার।
স্বজনেরা জানান, রাজধানীর আফতাবনগরে পরিবারের সঙ্গে থাকেন আনোয়ার। তিনি কী কারণে সকালে কাঁটাবন এলাকায় আসেন, তা স্বজনেরা জানাতে পারেননি।