বোমাং রাজপুণ্যাহ আজ শুরু
বান্দরবানে ১৩৪ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উৎসব আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। জুমচাষিদের কাছ থেকে খাজনা (রাজস্ব) আদায়ের ঐতিহ্যিক এই উৎসবকে ঘিরে গতকাল বুধবার থেকে হাজারও মানুষের সমাগমে জেলা শহর মুখর হয়ে উঠেছে। সকাল সাড়ে ১০টায় বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরীর রাজদরবারে আগমনের মধ্য দিয়ে পুণ্যাহ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবারে পুণ্যাহ মেলাসহ উৎসব এক সপ্তাহ ধরে চলবে বলে রাজদরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।এবারে রাজপুণ্যাহ উৎসবে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উপস্থিত থাকবেন। প্রবীণ বোমাং রাজা প্রজাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্ষিক ভাষণ প্রদান ও খাজনা আদায় শুরু করবেন। সারা দিন মৌজার হেডম্যান ও কার্বারিরা (পাড়াপ্রধান) রাজাকে জুমের খাজনা ও উপঢৌকন দেবেন।প্রসঙ্গত, জুমের মৌসুম শেষে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) মাধ্যমে জুমচাষি প্রজাদের কাছ থেকে খাজনা বা রাজস্ব আদায়ের আনুষ্ঠানিকতাকেই ‘রাজপুণ্যাহ’ বলা হয়। বোমাং সার্কেলে (বান্দরবান ও রাঙামাটির রাজস্থলী উপজেলা নিয়ে বোমাং সার্কেল) মোট ১১৪টি মৌজার হেডম্যান-কার্বারিরা রাজপূণ্যাহ উৎসবে যোগ দিয়ে থাকেন।