বোমাং রাজপুণ্যাহ উত্সব আজ শুরু
বান্দরবানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১৩৭ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উত্সব (মারমা ভাষায়-পইংজ্রা)। এই উত্সবকে ঘিরে গতকাল বুধবার থেকে জেলা শহর হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।বোমাং রাজপরিবারের ইতিহাস থেকে জানা যায়, রাজপরিবার ১৮৭৫ সাল থেকে রাজপুণ্যাহর আয়োজন করে আসছে। রাজপুণ্যাহ হচ্ছে জুম চাষের মৌসুম শেষে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) মাধ্যমে জুমচাষি প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের উত্সব। বোমাং সার্কেলের ১১৪টি মৌজার হেডম্যান-কার্বারিরা প্রজাদের কাছ থেকে বার্ষিক জুম খাজনা আদায় করে পুণ্যাহ সভায় তা রাজাকে দিয়ে থাকেন। রাজদরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুরোনো রাজবাড়ি মাঠে আজ সকাল সাড়ে ১০টায় বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরীর (কে এস প্রু) রাজকীয় জৌলুসে সাজানো দরবারে আগমন ও সিংহাসনে উপবেশনের মধ্য দিয়ে পুণ্যাহ উত্সবের আনুষ্ঠানিকতা শুরু হবে। নবনিযুক্ত ১৬তম বোমাং রাজার প্রথম রাজপুণ্যাহ এবার পাঁচ দিন ধরে চলবে। রাজপরিবার সূত্র জানায়, রাজপুণ্যাহ উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈচিং, সেনাবাহিনীর চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল সাব্বির আহমেদ। এ ছাড়া বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শামসু-উল হুদা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কাল শুক্রবার পুণ্যাহর দ্বিতীয় দিনে হেডম্যান ও কার্বারিদের সম্মেলন হবে। এ ছাড়া রাজপুণ্যাহ উপলক্ষে আয়োজিত পুণ্যাহ মেলা চলবে পাঁচ দিন ধরে।