বোমাং রাজপুণ্যাহ শুরু ২০ জানুয়ারি থেকে
বান্দরবানে ২০ জানুয়ারি থেকে ১৩৪ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উৎসব শুরু হচ্ছে। জুমচাষি প্রজাদের কাছ থেকে রাজার খাজনা আদায় ও আদিবাসী মহামিলনের এ রাজপুণ্যাহ এক সপ্তাহ পর্যন্ত চলবে। আদিবাসীদের সামাজিক মূল্যবোধে রাজপুণ্যাহর তাৎপর্য ও উৎসবের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানানোর জন্য আগামীকাল শুক্রবার রাজদরবারে সংবাদ সম্মেলন হবে বলে রাজ দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।জানা গেছে, রাজ পরিবারের আর্থিক সংকটে রাজ পুণ্যাহর আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে বিষয়টি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছে জানানো হয়। তারা আর্থিক সহায়তার নিশ্চয়তা দেওয়ায় পুণ্যাহর দিন নির্ধারণ করা হয়। বোমাং রাজার প্রতিনিধি চহ্লাপ্রু জিমি জানান, প্রতিবছর তিন বা পাঁচ দিনের জন্য করা হলেও এবার রাজপুণ্যাহর সময় বাড়ানো হবে। এ জন্য সাত দিনের অনুমতির ব্যাপারে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবারের পুণ্যাহ উৎসবের সময় বাড়ানোর পাশাপাশি এর ঐতিহ্যিক পরিসরও বাড়ানো হবে।প্রসঙ্গত জুমের মৌসুম শেষে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) মাধ্যমে জুমচাষি প্রজাদের কাছ থেকে খাজনা বা রাজস্ব আদায়ের আনুষ্ঠানিকতাকেই ‘রাজপুণ্যাহ’ বলা হয়। নবম বোমাং রাজা সানাঞো চৌধুরী ১৮৭৫ সালে প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের জন্য বোমাং রাজপুণ্যাহ উৎসব শুরু করেছিলেন। তখন থেকে ধারাবাহিকভাবে ১৩৫ বছর ধরে এ বোমাং রাজপুণ্যাহ উৎসব উদ্যাপিত হয়ে আসছে। আগে রাঙামাটির চাকমা রাজা ও খাগড়াছড়ির মং রাজারাও প্রতিবছর পুণ্যাহ করতেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁরা ধারাবাহিকভাবে আর তা করছেন না।