বোমাং রাজবিহারে আচরীয় মহাপূজা ও মহাসম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বোমাং রাজবিহারে (খিয়ংওয়া কিয়াং) গতকাল শুক্রবার হাজারো পুণ্যার্থীর মহামিলনে আচরীয় মহাপূজা উৎসব ও ভক্তকুলের মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। দুই দিনের অনুষ্ঠানে আজ শনিবার স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা ও রাজগুরু (রাজবিহারের অধ্যক্ষ) উপঞা জোত মহাথেরোর (প্রকাশ উচহ্লা ভান্তে) জন্মদিন বলে বিহারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।বিশ্ব বুদ্ধ শাসন সেবক সংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ধর্মীয় শোভাযাত্রা, প্রার্থনা, আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।২৫তম এ উৎসব ও মহাসম্মেলন উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষ বান্দরবানে আসতে থাকেন। সকালে জাদি পাহাড়ে শিষ্য-শিষ্যা ও ভক্তকুলের মহাসম্মেলন ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। জাদি পাহাড়ের জাদি এলাকায় জায়গার সংকুলান না হওয়ায় সীমাঘর এলাকা পর্যন্ত ধর্মপ্রাণ নারী-পুরুষকে প্রার্থনা করতে দেখা যায়। রাঙামাটি থেকে আসা মংক্যসাং মারমা ও তাঁর স্ত্রী বলেন, প্রতিবছর আচরীয় পূজা ও মহাসম্মেলন হলেও এ বছর মানুষের ভিড় বেশি হয়েছে।দুপুরে উপঞা জোত মহাথেরোর নেতৃত্বে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন শেষে আচরীয় পূজা হয়। রাজবিহার পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, রাজগুরু উপঞা জোত মহাথেরোর ভিক্ষুত্বগ্রহণের সময় থেকে এ রকম উৎসব ও মহাসম্মেলন হয়ে আসছে। আচরীয় পূজায় মূলত দায়ক-দায়িকার পারস্পরিক মিথস্ক্রিয়া ও ধর্মীয় গুরুদের বৌদ্ধনীতি সম্পর্কে দেশনা দেওয়া হয়।