বোমাং রাজা ক্যসাইন প্রুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
বান্দরবানে ১৬তম বোমাং রাজা ক্যসাইন প্রু চৌধুরীর (কেএসপ্রু) গতকাল শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। পুষ্পক রথে মরদেহ বহন ও শোক নৃত্যের শ্রদ্ধা-ভালোবাসায় হাজার হাজার নারী-পূরুষ রাজাকে অন্তিম বিদায় জানিয়েছেন। বেলা একটায় ঐতিহাসিক রাজার মাঠে রাজবাড়ি থেকে রাজার মরদেহ নিয়ে আসা হয়। সেখানে ময়ূরপঙ্খির সাজে সাজানো পুষ্পক রথে রাজার মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাজার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর বাহাদুর এমপি। বিরোধীদলীয় নেতার পক্ষে জেলা বিএনপির নেতারা শ্রদ্ধা জানিয়েছেন। তারপর চাকমা রাজা দেবাশীষ রায়, ইউএনডিপি, জেলা পরিষদ, সেনাবাহিনীর পক্ষে বান্দরবানের ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলসহ হাজারও মানুষ শ্রদ্ধা জানিয়ে প্রিয় রাজা বাহাদুরকে বিদায় দিয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, পার্বত্য চট্টগ্রাম শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, চাকমা দেবাশীষ রায়, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র জাবেদ রেজা প্রমুখ। বান্দরবান বোমাং সার্কেলের ১৬তম বোমাং রাজা ৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।