বোমাবাজদের আইনে সোপর্দ করে মাঠ ছাড়বে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজ আহমেদ। ফাইল ছবি
আজিজ আহমেদ। ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ করা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। তার পরও সরকার যত দিন চাইবে, পুলিশ-র‌্যাব যত দিন বিজিবির সহযোগিতা চাইবে, বিজিবি তত দিন মাঠে থাকবে।

আজ বৃহস্পতিবার রাজশাহীতে বিজিবি সেক্টর সদরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজিবির মহাপরিচালক এসব কথা বলেন।

পেট্রলবোমা হামলাকারীদের গুলি করার নির্দেশ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, যারা পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ মারছে তারা সন্ত্রাসী। তিনি সন্ত্রাসীদের গুলি করার নির্দেশ দিয়েছেন। এখন কেউ সন্ত্রাসীদের পক্ষ হয়ে যদি তাঁর সমালোচনা করেন, তাহলে এটা তাঁর জন্য হবে দুঃখজনক। তিনি বলেন, গুলি করার নির্দেশ দেওয়ার পরে কোনো সন্ত্রাসীর বুকের পাটা হয়নি তাঁর বাহিনীর সামনে এসে হামলা চালায়।

আজিজ আহমেদ বলেন, সাংবাদিকেরা বিজিবি সম্পর্কে যখন ইতিবাচক সংবাদ পরিবেশন করেন, তখন তাঁরা উৎসাহিত হন। নেতিবাচক সংবাদকেও তিনি তাঁর কাজের জন্য সহায়ক বলে মনে করেন। খবর দেখে তারা প্রয়োজনে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন।

বিজিবির গত এক বছরের সাফল্য তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ যারা দিনের বেলায় আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে, আইন অনুযায়ী ভারতে তাঁদের অন্তত ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ছয় মাস পরে তাঁদের ফিরিয়ে আনতে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। গত এক বছরে এই ধরনের আটকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ওপার থেকে ফেনসিডিল আসার পরিমাণও কমেছে। ভারতের সীমান্ত এলাকায় যে সমস্ত ফেনসিডিলের গুদাম রয়েছে বিএসএফকে সেসব তালিকা দেওয়া হয়েছে। তারা তালিকা ধরে সেগুলো ধ্বংস করছে।

সীমান্ত হত্যার ব্যাপারে বিজিবি’র মহাপরিচালক বলেন, তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাচ্ছেন। কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে-এ ব্যাপারে তারা কৈফিয়ত চেয়েছেন। যদিও বিএসএফ বলছে, রাতে অপরাধী ছাড়া কেউ সীমান্ত অতিক্রম করে না।

সভায় বিজিবির রংপুরের (উত্তর-পশ্চিম) আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টরের অধিনায়ক কর্নেল একেএম ফেরদৌসুল সাহাব, ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক শাজাহান সিরাজ উপস্থিত ছিলেন।