বোমাবাজি বন্ধ করার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘আমি সংলাপের পক্ষে। তার আগে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে। বোমাবাজি বন্ধ করতে হবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, উচ্চ আদালত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক। তাই সংলাপ হলে সেখানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হতে পারে কীভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় এবং কীভাবে নির্বাচনকালীন সরকারের ক্ষমতা খর্ব করা যায়। তিনি বলেন, বোমা মেরে যদি সরকার ও সংবিধান পরিবর্তন করা যায়, তবে কাল সামান্য পেট্রলবোমা মেরে মানুষের বাড়ি দখলের সংস্কৃতি শুরু হবে। তাই আজ সহিংসতার সামনে মাথা নত করা হলে কিছু লোক বোমা নিয়ে রাস্তায় নামবে। তখন সুশীল সমাজ বলবে, আলোচনায় বসুন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘পাক সখী খালেদা জিয়া মানবতার শত্রু। তিনি বাংলাদেশের মেদুসা (গ্রিক পুরাণের চরিত্র, যার মাথায় চুলের বদলে অসংখ্য সাপ থাকত)। তিনি চান বাংলাদেশ পাকিস্তানের মতো আগুনে পুড়ে কাবাব হয়ে যাক।
বর্তমান সহিংসতায় বিদেশি শক্তির যোগসাজশ আছে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক চক্রান্তের বিষয়টি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। বিদেশি একটি বিমান সংস্থা ও দূতাবাস থেকে অর্থায়ন করা হচ্ছে। এর সঙ্গে একটি আন্তর্জাতিক পরাজিত শক্তি জড়িত। ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ৭-এ। এটি প্রথম আলোর কথা, যারা আমাদের পছন্দ করে না। তাই পরাজিত শক্তি বাংলাদেশের উন্নয়ন ঠেকিয়ে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। মুক্তিযুদ্ধের বদলা নিতে চায়। বাংলাদেশকে জঙ্গিবাদের আবাদভূমি বানাতে চায়।’
মতিয়া চৌধুরী বলেন, সুশীলেরা সংলাপের কথা বলে মুখে ফেনা তুলে ফেলছেন। তাঁদের প্রাণেশ্বরী যে বোমা মেরে মানুষ মারছেন, সে কথা বলেন না। প্রশ্ন করলে দিনের বেলায় আকাশের দিকে তাকিয়ে তারা গুনে বলেন, আমরা নিরপেক্ষ। এরা কচ্ছপের সমগোত্রীয়। সময়মতো মাথা বের করে।
আরও আলোচনা করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান; হাছান মাহমুদ, তাজুল ইসলাম, তালুকদার মোহাম্মদ ইউনুস, গোলাম দস্তগীর গাজী, জেবুন্নেসা আফরোজ প্রমুখ। সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।