ফেনীতে খালেদার যাত্রাবিরতি
বোমাবাজির ঘটনায় ৫৮ ছাত্রদল-যুবদল নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
ফেনী সার্কিট হাউসে গত শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাত্রাবিরতিকালে সরকারি দায়িত্ব পালন করার সময় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় ৫৮ জন বিএনপির নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছেন।তাঁদের মধ্যে ১৮ জনের নাম উল্লেখ ও অপর ৪০ জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে বলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউসে দায়িত্ব পালনকালে বেশ কিছু উচ্ছৃঙ্খল যুবক হাঙ্গামা ও বোমাবাজি করেন। এতে ফেনী থানার এসআই মো. নজিম উদ্দিন ও গোয়েন্দা পুলিশ (ডিবি) কনস্টেবল হারাধন আহত হন। মামলায় আসামি হিসেবে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ, জেলা ছাত্রদলের সহসভাপতি মেজবাহ উদ্দিন এবং ছাত্রদল ও যুবদল নেতা-কর্মী—ইসমাইল, ফরিদ, আফসার, ডলার, সাজ্জাদ হোসেন, গুলজার হোসেন, রিপন, মিন্টু, আরিফ, খুরশিদ, টিপু, দুলাল, দেলোয়ার, পলাশ, শিমুল, ইমাম হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪০ জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।