বোমার বিস্ফোরণ ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ আবাসিক হলের সামনে গত শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ওই রাতে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এদিকে নগরের বিনোদপুর বাজার এলাকায় গতকাল শনিবার ইমরান হোসেন নামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হলের সামনে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান শিক্ষার্থীরা। পরে কয়েকটি গুলির আওয়াজও পাওয়া যায়। এরপর প্রতিটি আবাসিক হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।ছাত্রলীগের মাদার বখশ শাখার সভাপতি জুবায়ের ইবনে তানিম বলেন, ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ে ভীতিকর পরিবেশ তৈরি করতে ওই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম বলেন, ওই ঘটনায় তাঁদের কেউ জড়িত নন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করতে একটি মহল পাঁয়তারা করছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের কর্মী ইমরান ও তাঁর বন্ধু সাগর হোসেন গতকাল বেলা দুইটার দিকে বিনোদপুর বাজার এলাকার বিশ্বাস ম্যানশন ছাত্রাবাসে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান। পরে রিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে মণ্ডলের মোড়ে ১০-১৫ জন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। তারা ইমরানকে রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে ইমরানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে ছাত্রশিবির আগাগোড়াই মরিয়া ছিল। তারাই ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে আহত করেছে। তবে ছাত্রশিবির এ অভিযোগ অস্বীকার করেছে।