বোমার সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলে একটি বাসায় গতকাল বুধবার রাতে বিস্ফোরণ ঘটেছে। এতে হতাহতের খবর মেলেনি। পুলিশ ওই বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে ১৯০/বি ফকিরাপুল গরম পানির গলির ছয়তলা ভবনের চারতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন মতিঝিল থানায় ফোন করে এ ঘটনা জানান।
রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসাটির দরজা ভাঙা অবস্থায় তিন তলায় সিঁড়িতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায়, দুই কক্ষের বাসাটির জানালার গ্রিল বাঁকা এবং কাচ চূর্ণবিচূর্ণ হয়ে আছে। বাথরুমের দরজা ভেঙে পড়ে আছে। এর আগে পুলিশ ওই দুই কক্ষ থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল, বোমা তৈরিতে ব্যবহূত গান পাউডার, বিপুল পরিমাণ জর্দার কৌটা, জালের কাঠি, একটি বুলেটপ্রুফ জ্যাকেট ও ‘মতিঝিল থানা ছাত্রশিবির’ লেখা একটি সিডি উদ্ধার করে।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান বলেন, হাতবোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মহাম্মদ আশরাফ-উজ-জামান বলেন, বাসাটি জামায়াত-শিবির বোমা বানানোর আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল।
বাড়ির মালিক কামরুননাহার জানান, জামালউদ্দিন নামের এক ব্যক্তি গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। ৩ অক্টোবর তিনি বাসায় ওঠেন। জাতীয় পরিচয়পত্র চাওয়া হলেও তিনি দেননি।