বোমাসদৃশ বস্তু রেখে হুমকি!
রাজশাহীর বাগমারার সীমান্তবর্তী নওগাঁর মান্দার নহলাকালুপাড়া গ্রামে বোমাসদৃশ বস্তু রেখে গানের অনুষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নামে এগুলো রেখে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল রোববার ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।মান্দা থানা সূত্রে জানা গেছে, উপজেলার নহলাকালুপাড়া গ্রামে প্রতিবছরের ২৭ মার্চ মারফতি (লালনগীতি) গানের অনুষ্ঠান শুরু হয়। এতে বাগমারা, আত্রাই ও মান্দা এলাকার লালনভক্তরা উপস্থিত থাকেন। শনিবার রাতের কোনো এক সময়ে অনুষ্ঠানস্থলের পাশে আমগাছের ডালের সঙ্গে একটি বস্তা বেঁধে রাখা হয়। গতকাল সকালে স্থানীয় লোকজন বস্তাটি দেখতে পায়। পরে লোকজন বস্তায় রশি দিয়ে ঝোলানো একটি চিরকুট পায়।চিরকুটে লেখা আছে, বস্তায় ১০টি বোমা রাখা আছে। আগামী ২৭ মার্চের অনুষ্ঠান বন্ধ করা না হলে অনুষ্ঠানস্থলে বোমা হামলা করা হবে। জেএমবির শুরা সদস্য হিসেবে পরিচয় দিয়ে চিরকুটটি লেখা হয়েছে।স্থানীয় লোকাজন থানায় খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে গাছের ডাল থেকে বস্তাটি নামায়। বস্তা খুলে রশি দিয়ে পেঁচানো অবস্থায় ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এগুলো ককটেল না বোমা, পুলিশ সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি।অনুষ্ঠানের আয়োজক সামা ফকির বলেন, একটি মৌলবাদী চক্র কয়েক বছর ধরে অনুষ্ঠান না করার হুমকি দিয়ে আসছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হেল বাকি জানান, পুলিশ বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করেছে।