বোমায় উড়ে গেল দুই পরিবারের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধার্থ চন্দ্র সরকার
সিদ্ধার্থ চন্দ্র সরকার

পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার ও তাঁর স্ত্রী দীপ্তি রানী সরকারকে নিয়ে দরিদ্র দুটি পরিবার স্বপ্ন দেখেছিল। বোমায় দুটি পরিবারেরই স্বপ্ন ভেঙে গেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সিদ্ধার্থ। অন্যের জমিতে কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন বাবা বিমল চন্দ্র সরকার। এখন ছেলের চাকরির টাকা দিয়েই সংসার চলছিল।
রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ বিভাগের কনস্টেবল হিসেবে সিদ্ধার্থ ও দীপ্তি কর্মরত ছিলেন। আগামী ১২ জানুয়ারি সিদ্ধার্থের চাকরির তিন বছর পূর্ণ হওয়ার কথা ছিল। ২২ ডিসেম্বর দীপ্তির চাকরির দুই বছর পূর্ণ হয়েছে। সাত মাস আগে বিয়ে করে নগরের কেশবপুর এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার দায়িত্ব পালনকালে নগরের লোকনাথ স্কুলের পাশে একটি হাতবোমার আঘাতে আহত হন সিদ্ধার্থ। এ সময় দীপ্তিও ‘ডিউটি’ করছিলেন। খবর শুনেই দীপ্তি হাসপাতালে ছুটে যান। তাঁর আহাজারিতে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। রাতেই সিদ্ধার্থ মারা যান।
সিদ্ধার্থের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। আর দীপ্তির বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। সিদ্ধার্থ তিন ভাইয়ের মধ্যে সবার বড়। দীপ্তির এক ছোট ভাই রয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কাউনিয়ার সাবদি আশ্রমপাড়া গ্রামে সিদ্ধার্থের বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহের জন্য মা, বাবা, দুই ভাইসহ গ্রামবাসী অপেক্ষা করছেন। মা প্রেয়সী রানী সরকার শোকে শয্যাশায়ী। বাবা বিমল চন্দ্র সরকার একেবারে নিশ্চুপ। ছোট ভাই পার্থ সরকার উদ্ভ্রান্তের মতো এদিক-সেদিক হাঁটাহাঁটি করছে।
প্রেয়সী রানী বলেন, ‘গেল মঙ্গলবার বাবাকে (ছেলে) ফোন করছিলাম। বাবা বলছিল, মা আমি এখন ডিউটিতে আছি। আর রাজশাহীর অবস্থা ভালো না। আমি তোমাকে পরে ফোন দিব। এই ছিল ছেলের সাথে আমার শেষ কথা।’
বিমল চন্দ্র সরকার বলেন, ‘আমার এক টুকরা জমিতে বসতভিটা। আর কোনো জমি নাই। কথা ছিল সিদ্ধার্থের চাকরির টাকা অল্প অল্প করে জমিয়ে জমি কেনা হবে। সেই জমিতে নিজেই চাষাবাদ করব। অন্যের জমিতে আর কাজ করতে যেতে হবে না। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।’
ছোট ভাই পার্থ চন্দ্র সরকার আগামী বছর কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। আরেক ভাই দেবব্রত সরকার পঞ্চম শ্রেণীর ছাত্র। পার্থ চন্দ্র বলে, ‘ভাইয়ের বেতনের টাকা দিয়ে কোনোমতে পড়াশোনা করছিলাম। এখন কী হবে, তা ভগবানই জানেন।’