রাজশাহীর পুঠিয়া উপজেলার তাড়াশ গ্রামে গতকাল শনিবার বোমা বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামের এক ব্যক্তির হাতের কবজি উড়ে গেছে। পুলিশ তাঁকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া ওই বাড়ি থেকে এক নারীকে আটক করা হয়েছে।
আহত আবদুল খালেকের বাড়ি চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম আবু বকর।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে আটটার দিকে তাড়াশ গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাঁর ডান হাতের কবজি উড়ে গেছে। অন্য হাতটিও জখম হয়েছে। এ ছাড়া তাঁর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোহরাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মাতোয়ারা বেগমকে (৪০) পুলিশ আটক করেছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মাতোয়ারা বেগমের বরাত দিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, মাতোয়ারার মেয়ের স্বামী বুলবুল ওই যুবককে সঙ্গে করে এনেছিলেন। তাঁরা ঘরের ভেতরে বসে গল্প করছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সোহরাব হোসেনের বাড়িতে মোটরসাইকেলে করে অচেনা ব্যক্তিরা আসেন। তাঁরা এলাকার লোকজনের সঙ্গে মেলামেশা করেন না। কী কাজ করেন, তা-ও কেউ বলতে পারেন না।
রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, আহত খালেকের হাতে অস্ত্রোপচার চলছে।