বোয়ালখালীর ইউএনওকে অপসারণের দাবি
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হকের অপসারণ দাবি করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অপসারণ করা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা সংসদ। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বোয়ালখালী উপজেলা কমান্ডার মো. হারুন মিয়া।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধা সংসদের অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা দুই টন চাল আত্মসাৎ করেছেন ইউএনও খন্দকার নুরুল হক। বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠান পালনের নামে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে চাঁদা আদায়, সম্প্রতি অনুষ্ঠিত বিজয় মেলা থেকে চাঁদা দাবি, সরকারি খরচে নির্মিত মেলার তোরণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি টানানোসহ বিভিন্ন অপকর্ম করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমান্ডের সদস্যরা।
অভিযোগের বিষয়ে জানতে ইউএনও নুরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিজয় মেলায় এক জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছিলাম। কমান্ডার হারুন তাঁকে ছাড়ানোর জন্য আমার কাছে এসেছিলেন। রাজি না হওয়ায় এখন আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।’