বোয়ালমারীতে তরুণের মৃত্যু নিয়ে রহস্য
অভিমানী স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে ভ্যানচালক শহীদুল ইসলামের (২৫)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামের কৃষক মান্নান মোল্লার ছেলে। গত সোমবার রাতে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামে নাজিমদ্দিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
মান্নান মোল্লা জানান, এক বছর আগে শহীদুল নাজিমদ্দিন শেখের মেয়ে নাছরিন আক্তারকে (২২) বিয়ে করেন। গত শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে শহীদুল স্ত্রীকে মারধর করলে ওই দিনই তিনি বাবার বাড়ি চলে যান। গত সোমবার বিকেলে স্ত্রীকে আনতে শহীদুল শ্বশুরবাড়ি যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহীদুল মুঠোফোনে জানান, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করছে।
এ খবর পেয়ে তাঁরা দ্রুত শহীদুলের শ্বশুরবাড়ি যান। সেখানে আশপাশের লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শহীদুলের লাশ দেখতে পান। বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, শহীদুলের শ্বশুরবাড়ির লোকজন পলাতক।