বোরকা পরতে বাধ্য না করা প্রসঙ্গে শুনানি ৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের রানী ভবানী কলেজে শিক্ষার্থীদের বোরকা পরতে বাধ্য না করা প্রশ্নে ৪ অক্টোবর পরবর্তী শুনানি হবে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। এ ব্যাপারে আইনজীবী কে এম হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। ৪ অক্টোবর তাঁকে হাজির হতে হবে। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে।জানা যায়, ‘নাটোরের সরকারি রানী ভবানী মহিলা কলেজ, বোরকা না পরলে আসতে মানা’ শিরোনামে ২২ আগস্ট একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক এবং কে এম হাফিজুল আলম। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের কোনো দপ্তরে নারীদের বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দেন। একই সঙ্গে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত না রাখারও নির্দেশ দেওয়া হয়।