খুন হওয়ার আগে নারায়ণগঞ্জের বিশিষ্ট আইনজীবী মহিউদ্দিন আলতাফের (৬৫) সঙ্গে বোরকা পরা যে নারীকে রিকশায় উঠতে দেখা গেছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁর যমজ ভাইকেও গ্রেপ্তার করা হয়। গত রোববার রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর ওই নারী (২৯) র্যাবকে জানিয়েছেন, তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী। তাঁর সঙ্গে মহিউদ্দিনের পরকীয়া ছিল। মহিউদ্দিনকে তিনি তাঁর ফুফাতো বোনের স্বামী মনিরের হাতে তুলে দেন। এরপর কী হয়েছে তা তিনি জানেন না। মনির একজন আইনজীবীর সহকারী। র্যাব সূত্রে জানা গেছে, এই নারীর দেওয়া তথ্য অনুযায়ী, মনিরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। র্যাবের জিজ্ঞাসাবাদে ওই নারী আরও জানান, আইনজীবী মহিউদ্দিন আলতাফের বাড়িতে বেসরকারি সংস্থা আশার কার্যালয় ছিল। সেই কার্যালয়ে তিনি (নারী) চাকরি করতেন। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। ওই নারী দাবি করেন, স্বামীর মৃত্যুর পর মহিউদ্দিনের সঙ্গে তাঁর পরকীয়া হয়। ঘটনাক্রমে মহিউদ্দিন তাঁর কিছু আপত্তিকর ছবি তোলেন। এক দিন ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মহিউদ্দিন তাঁর কাছ থেকে পাসপোর্ট সাইজের একটি ছবি নেন। একপর্যায়ে মহিউদ্দিন তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বয়সের ব্যবধান বেশি হওয়ায় উভয়ের পরিবার রাজি হয়নি। পরে মহিউদ্দিন ওই ছবি দিয়ে কিছু কাগজপত্র তৈরি করে তাঁকে জানান, তাঁদের বিয়ে হয়ে গেছে। পরে পরিবারের পক্ষ থেকে তাঁদের বিয়ের উদ্যোগ নেওয়া হলেও মহিউদ্দিনের আচরণে তা ভেস্তে যায়। গ্রেপ্তার হওয়া নারী আরও বলেন, অনেকবার আপত্তিকর ছবিগুলো ফেরত চাইলেও মহিউদ্দিন দেননি। পরে তিনি ও তাঁর ভাই এবং ফুফাতো বোনের স্বামী মনির আইনজীবী মহিউদ্দিনকে অপহরণ করে ছবিগুলো উদ্ধারের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি মহিউদ্দিনকে তুলে দেন মনিরের হাতে। পরে কী ঘটেছে তা তিনি জানেন না। মহিউদ্দিনকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না বলেও তিনি দাবি করেন। র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মাহবুবুল আলম বলেন, ‘ওই নারীর বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। মনিরকে ব্যবহার করে অন্য কোনো পক্ষ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। আশা করি, মনিরকে গ্রেপ্তার করা হলে হত্যার রহস্য উন্মোচিত হবে।’গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার চিতাশাল এলাকার একটি রাস্তার পাশ থেকে জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আইনজীবী মহিউদ্দিন আলতাফের লাশ উদ্ধার করে পুলিশ।