বোরকা পরে আদালতে যাওয়ায় হাজতবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় হারুন অর রশিদ নামের এক ব্যক্তি বোরকা পরে আদালতের কাঠগড়ায় উপস্থিত হওয়ায় পাঁচ ঘণ্টা হাজত খাটতে হয়েছে। গতকাল রোববার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতে এ ঘটনা ঘটে।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন সদর উপজেলার নেহালপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি ২০১৪ সালের ১৫ জুলাই স্ত্রী রোজিনা খাতুন ও বাবা সিরাজ মিয়ার বিরুদ্ধে চুয়াডাঙ্গার আমলি আদালতে মামলা করেন। ওই মামলায় সাংসারিক অশান্তি, খুন-জখমের হুমকি, ইচ্ছাকৃতভাবে চার মাসের ভ্রূণ নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। এতে হারুনের ২০ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়।

মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তবে গতকাল দুপুর ১২টার দিকে সিরাজ মিয়া ও রোজিনা খাতুন চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় মামলার বাদী হারুন বোরকা পরে আদালতের কাঠগড়ায় উঠে জামিনে আপত্তি জানান। তবে শুনানি শেষে বিচারক এ বি এম মাহমুদুল হক ওই দুজনকে জামিন দেন। আর ছদ্মবেশে আদালতে উপস্থিত হওয়ায় হারুনকে আদালতের হাজতে পাঠানোর আদেশ দেন।

হারুন আদালতে দাবি করেন, নিজের নিরাপত্তার জন্য তিনি বোরকা পরে এসেছিলেন। এরপর বিচারক তাঁর বক্তব্যের সত্যতা যাচাইয়ে আদালতের একজন কর্মচারী ও একজন পুলিশ সদস্যকে দায়িত্ব দেন। এই দুজনের বক্তব্য বাদীর পক্ষে যাওয়ায় হারুনকে বিকেল পাঁচটায় ছেড়ে দেওয়া হয়।

 হারুনের আইনজীবী মোখলেছুর রহমান বলেন, বিবাদী পক্ষ সংগঠিত ও শক্তিশালী। এ কারণে নিরাপত্তার স্বার্থে হারুন বোরকা পরে আদালতে আসেন। মুক্তি পাওয়ার পর তিনি বাড়ি ফিরেছেন।