বোরহানউদ্দিন ও উজিরপুরে দুই কিশোরীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় এক কিশোরীকে বাড়ি থেকে অপহরণ এবং তার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ভোলার বোরহানউদ্দিনে এক কিশোরীকে অপহরণের পর তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুরের সাতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান গত ২৪ এপ্রিল রাতে ছয়-সাতজন সশস্ত্র সহযোগী নিয়ে পশ্চিম সাতলা গ্রামের এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।কিশোরীর বাবা জানান, এ ঘটনায় ২ মে থানায় মোস্তাফিজুরসহ ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।কিশোরীর মা অভিযোগ করেন, তাঁর মেয়েকে অপহরণের পর মোস্তাফিজুরের সহযোগী সোহেল হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসীরা দফায় দফায় তাঁদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। অভিযোগের ব্যাপারে মোস্তাফিজুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে মোস্তাফিজুরের চাচা সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হাওলাদার বলেন, ‘হুমকি দেওয়ার অভিযোগ ঠিক নয়। আমি নিজেও ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা করছি।’উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি ঠিক নয়। এর পরও খোঁজ নিয়ে এ বিষয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।মামলা এবং ভুক্তভোগীর পরিবারের অভিযোগে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথা গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে গত ২৮ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার টেডিরপুল নামক স্থানে একই গ্রামের সালাউদ্দিন তাঁর সহযোগীদের নিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীর বাবা এ ঘটনায় ৩ এপ্রিল বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ কিশোরীকে উদ্ধার করতে না পারায় ৩ মে তিনি বোরহানউদ্দিন থানায় সালাউদ্দিনসহ সাতজনকে আসামি করে একটি মামলা করেন।কিশোরীর বাবা অভিযোগ করেন, ‘মামলা করার পর থেকেই অপহরণকারীরা মুঠোফোনে আমার মেয়েকে হত্যার হুমকি এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধারের কোনো উদ্যোগ নিচ্ছে না। সালাউদ্দিনের ভগ্নিপতি মো. ইদ্রিস হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার শ্যালক মেয়েটিকে তুলে এনেছে সত্য। তবে আমরা মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চেয়েছি। কিন্তু মেয়েটি যেতে চাচ্ছে না। এখানে আমাদের কোনো দোষ নেই।’বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘আসামি সালাউদ্দিন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন। মেয়েটিকে কোথায় রেখেছেন তা গোপন করছেন। আমরা ডিজিএফআইকে বিষয়টি জানিয়েছি, আশা করি শিগগির তাকে উদ্ধার করতে পারব।’