বোরহানউদ্দিনে এক লাখ গাছ রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন সড়কে ও শিক্ষাপ্রতিষ্ঠানে জড়ো হয়েছে মানুষ। সবার হাতে একটি করে গাছ। দুপুর ১২টা ১ মিনিট বাজতেই রোপণ করা হলো গাছগুলো।

‘গাছ লাগাও, উপকূল বাঁচাও’—স্লোগান নিয়ে গতকাল সোমবার গাছ লাগানোর ওই উৎসব হয়। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫০৩টি স্থানে এসব গাছ লাগানো হয়। এতে ২২ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

ইউএনও আ. কুদদূস বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই কর্মসূচিতে এক লাখ চারা রোপণ করা হয়েছে।

ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন -দৌলতখান) সাংসদ আলী আজম বলেন, এক মিনিটে এক লাখ গাছ রোপণ ইতিহাস হয়ে থাকবে।

বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, দুপুর ১২টার আগেই জড়ো হয়েছেন লোকজন। সবার হাতে গাছ। সামনে গর্ত। পাশে খুঁটি। ১২টা ১ মিনিট হতেই গাছগুলো লাগানো হলো। বেঁধে দেওয়া হলো খুঁটির সঙ্গে।

গাছ লাগানোর পর ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সড়কে আলোচনা অনুষ্ঠান হয়। সেখানে বক্তৃতা করেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম। তিনি ব্যক্তিগত উদ্যোগে চলতি অর্থবছরে ভোলায় আরও ১০ লাখ গাছের চারা রোপণ করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহব্বৎজান চৌধুরী।