বোরহানউদ্দিনে যুবদলের সম্মেলন পণ্ড, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সম্মেলন কেন্দ্র করে গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে সম্মেলন পণ্ড হয়ে গেছে।দলীয় সূত্র জানায়, গতকাল সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ে যুবদলের সম্মেলন ডাকা হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম সমর্থক এবং বিরোধী দুটি প্যানেলে প্রার্থিতা দেওয়া হয়। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা যুবদলের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে হাফিজ পক্ষের নেতা-কর্মীরা সম্মেলনে আসার পথে থানা মোড়ে প্রতিপক্ষের বাধার মুখে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে হাফিজবিরোধীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে উপজেলা বিএনপি কার্যালয় দখলে নেন। পরে হাফিজ পক্ষের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ের পুনর্দখল নিয়ে তালা ঝুলিয়ে দেন। বেলা দেড়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে হুমায়ুন কবির, শিহাব হাওলাদার, ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম, জাফর মৃধা, মিজানসহ ১৫ জন আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।