ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গতকাল সোমবার দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গতকাল তিনজনকে আটক ও নোয়াখালীর হাতিয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন বাগেরহাটের মংলা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বোরহানউদ্দিন: উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট, গ্যাসফিল্ড ও বৈদ্যের পুল এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলামের কর্মীদের সঙ্গে অপর আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন হাওলাদারের কর্মীদের মধ্যে গতকাল সন্ধ্যায় কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় তুহিনের ২৫ জন ও নুরুলের ১৫ জন আহত হয়েছেন। নুরুল ইসলাম অভিযোগ করেন, তুহিনের সমর্থকেরা তাঁর লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর ১৫ জন কর্মী আহত হন। তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের ব্রিক ফিল্ডের ম্যানেজার বেলায়েত মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেন।আশাশুনি: উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামে গতকাল শাড়ি ও লুঙ্গি বিতরণকালে দুই সেনাসদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন তৈয়েবুর রহমান, দুই সহোদর ইসহাক হোসেন ও এরশাদ হোসেন। তাঁরা ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল কুদ্দুসের ঘড়ি প্রতীকের সমর্থক বলে জানা গেছে। হাতিয়া: আজ উপজেলায় ইউপি নির্বাচন। গতকাল নির্বাচনী এলাকার বাসিন্দা না হওয়ায় তিন বহিরাগত আবুল কালাম, আবদুল করিম ও মো. রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তার তত্ত্বাবধানে পুলিশ সুপার গতকাল হাতিয়া পরিদর্শনে যান। মংলা: মংলার কচুবুনিয়া ভোটকেন্দ্র থেকে গতকাল আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা, রামদা ও বেশ কিছু লাঠিসোঁটা উদ্ধার করেছে র্যাব। র্যাব-৬-এর উপপরিচালক মেজর বদরুদ্দোজা জানান, গতকাল সুন্দরবন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্র কচুবুনিয়া সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে তিনটি বন্দুক, চারটি গুলি, চারটি বোমা, একটি রামদা ও বেশ কিছু লাঠি উদ্ধার করা হয়েছে। বিকেলেই এগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।