বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এবার ইরি-বোরো মৌসুমের শুরুতেই অসহনীয় লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে বোরো রোপণ। বিদ্যুৎ-চালিত সেচ পাম্পের আওতায় কৃষকদের বোরো আবাদ একরকম বন্ধই রয়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫২ হাজার একর। এর মধ্যে পিডিবি এবং পল্লী বিদ্যুতের সেচের আওতায় রয়েছে প্রায় ১৩ হাজার ৯০০ একর। এখানে বিদ্যুৎ-চালিত গভীর সেচের সংখ্যা ১২৭টি, অগভীর সেচের সংখ্যা ৪৯১টি এবং এলএলপি পাম্প ও সাবমাচসহ মোট সেচের সংখ্যা ৭০৪টি।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ জানুয়ারি থেকে অব্যাহত লোডশেডিংয়ের কারণে দিশাহারা হয়ে পড়েছেন বোরো চাষিরা। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে তাঁরা এবার যথাসময়ে বোরো রোপণ শেষ করতে পারছেন না।উপজেলার গোবিন্দনগর গ্রামের কৃষক আবদুর রউফ (৬৫) জানান, ‘প্রতিবছর জানুয়ারি মাসের মধ্যে আমরা বোরো রোপণের কাজ শেষ করি। কিন্তু এবার লোডশেডিংয়ের কারণে এখনো খেতে পানি তোলা সম্ভব হয়নি।’রাণীগাঁও গ্রামের মো. আশরাফউজ্জামান (৬২) জানান, প্রতিদিন দুপুরে ও রাতে যে অল্প সময় বিদ্যুৎ সরবরাহ করা হয়, সে সময়ে লো-ভোল্টেজ থাকে। এ ছাড়া টানা ১৫-২০ মিনিটের বেশি সময় বিদ্যুৎ থাকে না। যে সময়টুকু বিদ্যুৎ থাকে, সে সময়ের মধ্যে সেচচালিত মোটর চালানো তো দূরের কথা, বাল্বও জ্বলে না।উপজেলা বিদ্যুৎ অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমারের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি শক্তিশালী ট্রান্সফরমার বসানোর কাজ চলছে। এখন একটিমাত্র ট্রান্সফরমারের মাধ্যমে শেরপুর জেলা শহর থেকে উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর গ্রিড সুইচও বর্তমানে ভাঙা অবস্থায় রয়েছে। এ কারণেই বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। এ বিষয়ে আবাসিক প্রকৌশলী (আরই) আজিজুর রহমান জানান, শক্তিশালী ট্রান্সফরমার বসানোর আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে না।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। এভাবে লোডশেডিং চলতে থাকলে বোরো চাষাবাদে এলাকার কৃষকেরা পিছিয়ে পড়বেন।