বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজেল, ইউরিয়া সার, কৃষি উপকরণের দাম ও মজুরি বৃদ্ধি এবং ধানের দাম কম হওয়ায় যশোরের অভয়নগর উপজেলায় অনেক কৃষক বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন। তাই এ মৌসুমে উপজেলায় বোরো আবাদ কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সরকার চলতি বছরের মে, সেপ্টেম্বর ও নভেম্বরে তিন দফা ডিজেলের দাম বাড়িয়েছে। গত ফেব্রুয়ারি ও চলতি ডিসেম্বরে বিদু্যুতের দাম বাড়ানো হয়েছে দুবার। গত জুনে ইউরিয়ার দাম কেজিপ্রতি ১২ থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। বেড়েছে কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি। অন্যদিকে কমেছে ধানের দাম।উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিনতি বিশ্বাস বলেন, ‘ডিজেল ও ইউরিয়ার দাম বেড়ে যাওয়া এবং ধানের দাম কমে যাওয়ায় আমার ব্লকে কৃষকেরা এবার রবিশস্য আবাদের দিকে ঝুঁকেছেন। বোরোর আবাদ অনেক কমে যাচ্ছে।’উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গত মৌসুমে উপজেলায় বোরোর আবাদ হয়েছিল ১৪ হাজার ৪০০ হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৮০০ হেক্টরে। উপজেলায় ৩৫ হাজার ৮৪৮ জন কৃষক ডিজেলে এবং পাঁচ হাজার ৫৫৯ জন কৃষক বিদ্যুতে বোরোর আবাদ করেন। গত মৌসুমে বিঘাপ্রতি আমন আবাদে ব্যয় হয়েছিল ১১ হাজার ৪০০ টাকা। ডিজেল, বিদ্যুৎ, ইউরিয়া, কৃষি উপকরণ ও মজুরি বেড়ে যাওয়ায় এবার খরচ অনেক বেড়ে যাবে।কোদলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস জানান, এবার ডিজেল, ইউরিয়া, কৃষি উপকরণ, মজুরসহ সবকিছুর দাম অনেক বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। আবার ধানের দামও কম। এ জন্য এবার চাষ কমানো ছাড়া কোনো উপায় নেই। উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘কৃষকেরা অতিমাত্রায় খেতে ইউরিয়া প্রয়োগ করেন। দাম বেড়ে যাওয়ায় তাঁরা ইউরিয়ার ব্যবহার কমিয়ে দেবেন। এতে ব্যয় বাড়বে না। পরিমিত মাত্রায় ইউরিয়া ব্যবহার করলে ধানের ফলনও ভালো হবে। তা ছাড়া গুটি ইউরিয়ায় খরচ অনেক কম। আমরা গুটি ইউরিয়া ব্যবহারে কৃষকদের নানাভাবে উৎসাহিত করছি।’ তিনি জানান, ডিজেলের দাম বাড়ায় ব্যয় একটু বাড়বে। তবে তা খুব একটা বেশি হবে না। আর বিদ্যুচ্চালিত সেচযন্ত্রে সরকার আগে থেকেই ২০ শতাংশ হারে ভর্তুকি দেয়। সেটা অব্যাহত আছে।সোহরাব হোসেন জানান, অনেক বছর পর জলাবদ্ধ বিল কেদারিয়া থেকে পানি নেমে যাচ্ছে। এবার অভয়নগরে বোরোর আবাদ বেশি হবে বলে তিনি দাবি করেন।