বোরো ও আউশের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় এবারও আউশ ও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে হাইব্রিড ধান ও কীটনাশক ব্যবহারের প্রতি কৃষকদের আগ্রহ কমেছে।উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আউশের মৌসুমে উপজেলার ৭৫ শতাংশ জমির ধান এরই মধ্যে কাটা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ২৫ শতাংশ জমির ধানও কৃষক ঘরে তুলবেন। চলতি মৌসুমে উপজেলার সাড়ে ১৫ হাজার হেক্টর জমিতে আউশ (বিআর-৩, ১৪, ২৬ ও ব্রি-২৭, ৪২, ৪৩, ৪৮) ও বোরো (বিনা-৮, ব্রি-২৮, ২৯, ৫০) চাষ করা হয়। আউশ ধানের মধ্যে ১৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে দেশি ও উচ্চফলনশীল জাত এবং মাত্র ২৫০ হেক্টর জমিতে কৃষকেরা ব্র্যাকের সরবরাহ করা হাইব্রিড আলোড়ন ধান চাষ করেন। ১৭৫ হেক্টর জমির বোরো ধানের মধ্যে মাত্র ২০ হেক্টর জমিতে হাইব্রিড আলোড়ন ধান চাষ করা হয়। অথচ গত বছর এক হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ হয়েছিল।স্থানীয় কৃষকেরা জানান, চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ঘটখালী গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, বোরো ধানের ব্রি-২৮ চাষ করে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। হেক্টরপ্রতি ফলন এসেছে নয় টন। সে ক্ষেত্রে হাইব্রিড আলোড়ন ধান চাষ করে ফলন পেয়েছেন ছয় টনের কম। উপরন্তু তাঁদের হাইব্রিড ধান চাষের জন্য দ্বিগুণের বেশি সার ও কীটনাশক ব্যবহার করতে হয়েছে। বগী গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান, চলতি মৌসুমে পাঁচ একর জমিতে তিনি আউশের চাষ করেছেন। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ২৫ মণ করে। অথচ কালবিড়ি গ্রামের সিদ্দিকুর রহমান পাঁচ বিঘা জমিতে প্রায় দেড় গুণ টাকা খরচ করে হাইব্রিড ধান চাষে ফলন পেয়েছেন বিঘাপ্রতি ২২ থেকে ২৬ মণ। একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন গুলিশাখালী গ্রামের সুশীল রায়।আমতলী শহরের কীটনাশক ও বীজ বিক্রেতা হারুন অর রশিদ জানান, অন্য বছরের তুলনায় এবার হাইব্রিড বীজ ৭৫ শতাংশ কম বিক্রি হয়েছে। এ ছাড়া কীটনাশকের বিক্রি ৫০ শতাংশ কমেছে।কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সালেহ জানান, আগে কৃষক মনে করতেন, জমিতে বেশি করে ইউরিয়া সার দিলে ধানগাছের চেহারা ঘন ও কালো হবে, আর তাতে ধানের ফলন বেশি হবে। সেই ধারণা পাল্টেছে। সুষম মাত্রায় সার, কীটনাশক ও সেচ প্রয়োগসহ উত্তম ব্যবস্থাপনার বিষয়ে কৃষকদের অনেক সচেতন করা গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, কৃষকেরা জমিতে এবার অতিমাত্রায় ইউরিয়া সার ব্যবহার করেননি। বিশেষ করে, পটাশ ও জৈব সারের ব্যবহার বেশি করেছেন। রোগবালাই প্রতিরোধ, সহনশীল জাত ও সবল বীজ ব্যবহার করেছেন। এ কারণেই বাম্পার ফলন সম্ভব হয়েছে।