বোরো ও সবজির জন্য বরাদ্দ সার যাচ্ছে তামাক চাষে
কক্সবাজারের চকরিয়ায় বোরো ও সবজি চাষের জন্য বরাদ্দ দেওয়া সার তামাকচাষিদের কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো ধরনের সার তামাকচাষিদের কাছে বিক্রির নিয়ম নেই। অথচ স্থানীয় কৃষি কর্মকর্তাদের যোগসাজশে ডিলাররা তামাকচাষিদের কাছে চড়া দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে বোরো চাষে সারসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তামাক চাষের জন্য তামাক কোম্পানিগুলোকে শিল্প মন্ত্রণালয় থেকে সার বরাদ্দ দেওয়া হয়। আর কোম্পানিগুলো তামাকচাষিদের কাছে ওই সার বিতরণ করে। কিন্তু এ বছর তামাক চাষ দ্বিগুণ বেড়ে যাওয়ায় কোম্পানিগুলো চাষিদের চাহিদা মেটাতে পারছে না। এতে চাষিরা চড়া দামে ডিলার ও সাব-ডিলারদের কাছ থেকে সার কিনে নিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চকরিয়া কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিসিআইসির ১৯ জন সার ডিলার রয়েছেন। এসব ডিলার গত নভেম্বরে ৫০০ মেট্রিক টন, ডিসেম্বরে ৩৭০ ও জানুয়ারিতে এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পান। বরাদ্দ দেওয়া সার শীতকালীন সবজি ও বোরো চাষে ব্যবহারের কথা।বমু-বিলছড়ি, মানিকপুর-সুরাজপুর, কাকারা ও লক্ষ্যারচর ইউনিয়নের বেশির ভাগ জমিতে তামাক চাষ হয়েছে। কিন্তু সার ডিলাররা ‘সবজি ও বোরো চাষে দেওয়া হয়েছে’ উল্লেখ করে কৃষি কার্যালয়ে প্রতিবেদন জমা দিলেও অনেক সার চড়া দামে তামাকচাষিদের কাছে বিক্রি করে দিচ্ছেন।জানা গেছে, মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে বেলায়েত হোসেন, কাকারায় মুজিবুল হক, বমু-বিলছড়িতে মানস দে ও লক্ষ্যারচরে পলাশ দাসগুপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন বোরো ও সবজি চাষের সার তামাক চাষে ব্যবহারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা তো বেশি চাপাচাপি করতে পারি না। কৃষকেরা সবজি ও বোরো চাষের কথা বলে সার নিয়ে যাচ্ছেন।’ উপসহকারী কৃষি কর্মকর্তা মুজিবুল হক বলেন, ‘এলাকায় আছি, কী করব? সার তো না দিয়ে পারি না। যত দূর পারি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’ লক্ষ্যারচরের পলাশ দাসগুপ্ত তাঁর সহযোগিতায় তামাকচাষিদের কাছে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন। বমু-বিলছড়ি ইউনিয়নের ডিলার নুরুল ইসলাম তামাকচাষিদের কাছে সার বিক্রির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এখানে বেশির ভাগ জমিতেই তামাক চাষ হয়েছে। তাই খুচরা বিক্রেতারা (সাব-ডিলার) চাষিদের কাছে সার বিক্রি করছেন। কাকারার ডিলার আবু ফয়েজ মো. রিপন জানান, ‘আমরা নই, সার বিক্রি করেন খুচরা বিক্রেতারা। তাই তাঁরা কাদের কাছে বিক্রি করেন, বলতে পারব না।’ কৈয়ারবিলের ডিলার মোহাম্মদ শওকত তামাকচাষিদের কাছে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতেই সার বিক্রি হয়। এদিকে গত রোববার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডিলার আবুল হাসেমের গুদাম থেকে আলীকদমের এক তামাকচাষি চড়া দামে ১২ বস্তা সার কিনে নেওয়ার সময় পুলিশ সে সার আটক করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত আবুল হাসেমকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।চকরিয়া থানার উপপরিদর্শক সাহেদ উদ্দিন তামাক চাষে ব্যাপক হারে বোরোর জন্য বরাদ্দ সার ব্যবহারের সত্যতা নিশ্চিত করেন। একটি সূত্র জানায়, সার ডিলাররা সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের হাত করে ভুয়া বিতরণ খাতা তৈরি করে সার পাচার করেন। সরকারিভাবে এক বস্তা (৫০ কেজি) ইউরিয়ার দাম ৫৮০ টাকা। কিন্তু ডিলাররা এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা দরে তামাকচাষিদের কাছে তা বিক্রি করছেন। ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার কৃষক আবুল কালাম ও জসিম উদ্দিন বলেন, ‘আমরা সার না পেলেও তামাকচাষিদের সারের অভাব নেই।’ উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জানান, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের চিঠি দিয়ে তামাকচাষিদের কাছে সার বিক্রি না করার জন্য বলে দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, কারও বিরুদ্ধে তামাকচাষিদের কাছে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক অটলচন্দ্র বিশ্বাস জানান, তামাকচাষিদের কাছে সার বিক্রির কোনো নিয়ম নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।