বোরো কমেছে, বেড়েছে গম ভুট্টা ও সরিষারআবাদ
নীলফামারীতে এ বছর বোরো আবাদ কমেছে। বেড়েছে গম, ভুট্টা, সরিষা ও আলুর আবাদ। কৃষকেরা বলছেন, ধানের দাম কম এবং সেচ, সার ও কীটনাশকে খরচ বেশি হওয়ায় বোরো আবাদে তেমন একটা লাভ হয় না। অন্যদিকে গম, ভুট্টা, তামাক ও আলু চাষে লাভ বেশি হওয়ায় তাঁরা এবার বোরোর আবাদ কমিয়ে দিয়েছেন।
কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট আবাদি জমির পরিমাণ এক লাখ ২৬ হাজার ১৩৩ হেক্টর। এ বছর ৭৭ হাজার ৮৯৯ হেক্টরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ করা হয়েছে ৭৭ হাজার ৯৪৫ হেক্টরে। গত বছর জেলায় বোরো আবাদ হয়েছিল ৮০ হাজার ২২৫ হেক্টর জমিতে।
গত বছর চার হাজার ২৫ হেক্টর জমিতে গম চাষ হলেও এ বছর হয়েছে চার হাজার ৬২৫ হেক্টর জমিতে। গত বছর ১৮ হাজার ১৫০ হেক্টরে এবং এ বছর ২০ হাজার ১১ হেক্টরে আলুর আবাদ হয়েছে। গত বছর ভুট্টার আবাদ হয়েছিল পাঁচ হাজার ৫৮০ হেক্টরে, এ বছর আবাদ হয়েছে ছয় হাজার ২৭৫ হেক্টরে। গত বছর সরিষার আবাদ হয়েছিল এক হাজার ৪৯০ হেক্টরে, এ বছর আবাদ হয়েছে দুই হাজার ২০ হেক্টরে।
জেলা সদরের কচুকাটা ইউনিয়নের মেলা কচুকাটা গ্রামের কৃষক আবতাব উদ্দিন (৭০) বলেন, ‘এ বছর দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। বোরো চাষে খরচ বেশি, ধানের দামে খরচ পোষায় না। ভুট্টায় সেচ কম লাগে, ফলনও ভালো হয়, দামও ভালো পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমন আবাদের পর ওই জমিতে আলু চাষ করেছি, তার পর তামাক, এরপর ভুট্টা লাগাইছি। বোরো আবাদ করলে ওই জমিতে চারটি ফসল হয় না।’
জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি গ্রামের মমিনুর রহমান (৫০) বলেন, বোরো আবাদে খরচ বেশি। ধানের দাম কম। এক বিঘা জমিতে ১৫-১৬ মণ ধান হয়। প্রতি মণ ধানের দাম ৫৫০ থেকে ৫৯০ টাকা। ধান আবাদে খরচও বেশি। এক বিঘা জমিতে ভুট্টা হয় ২০ থেকে ২৫ মণ। প্রতি মণ ভুট্টার দাম ৭০০ থেকে ৮০০ টাকা। ভুট্টায় সেচ খরচও কম।
কৃষি সম্প্রসারণ বিভাগ নীলফামারীর উপপরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, এ বছর জাতীয়ভাবে বোরো আবাদের লক্ষ্যমাত্রা কমিয়ে আমন ও আউশের আবাদ বাড়ানো হয়েছে। এ অঞ্চলে আউশের আবাদ না থাকায় গম, ভুট্টা, আলু ও সরিষার আবাদ বাড়ানো হয়েছে। তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।