বোরো খেতে পাঁচ জাতের শিষ, কৃষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ফলনের আশায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃষকেরা খেতে ব্রি-২৯ জাতের বোরো ধানের বীজ বপন করেন। ওই বীজ ছিল সিনজেন্টা কোম্পানির। কিছুদিন আগে কৃষকেরা দেখতে পান, খেতে পাঁচ জাতের ধানের শিষ বের হয়েছে। এ কারণে গত রোববার কৃষকেরা ক্ষতিপূরণের দাবিতে লোহাগড়া বাজারে মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগড়া বাজারের ওই মিছিলে খনগাঁও ইউনিয়নের জসাইপাড়া, মোড়লপাড়া, দুলগাঁও ও শ্যামপুর গ্রামের চাষিরা অংশ নেন। এ সময় তাঁরা সিনজেন্টা কোম্পানির বিরুদ্ধে স্লোগান দেন। মিছিল শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি পেশ করেন। জসাইপাড়া গ্রামের কৃষক খতিবউদ্দীন, সামসুল হকসহ কয়েকজন অভিযোগ করেন, তাঁরা সিনজেন্টা কোম্পানির পীরগঞ্জের বিপণন কর্মকর্তা ফারুক হোসেনের পরামর্শে একই কোম্পানির পরিবেশক এনামুল কবীরের দোকান থেকে ব্র্রি-২৯ জাতের বীজ কিনে বীজতলা তৈরি করেন। অগ্রহায়ণের শেষ সপ্তাহে তাঁরা জমিতে চারা রোপণ করেন এবং নিয়মিতভাবে সার ও কীটনাশক প্রয়োগ করেন। ধান পাকার আগমুহূর্তে তাঁরা খেতে গিয়ে দেখেন, পাঁচ জাতের ধানের শিষ বের হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাফিয়ার রহমান রোববার জনগাঁও বিল এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, ব্রি-২৯ জাতের ধানের খেতে ব্রি-২৮, ৩৩, দেশি বোরো এবং আমনের জাতও পাওয়া গেছে। জনগাঁও বিলের প্রায় ২০০ বিঘায় একই অবস্থা দেখা গেছে। পরিবেশক এনামুল কবীর বলেন, ‘আমার কাছ থেকে নেওয়া বীজের মান খারাপ নয়। চাষিরা অন্য কোথাও থেকে বীজ সংগ্রহ করে প্রতারিত হয়েছেন।’ কোম্পানির ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা গত শুক্রবার মাঠপর্যায়ে গিয়ে অবস্থা দেখে এসেছি। কেন যে এমন হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।’