বোরো খেতে পোকা দমনে পার্সিং পদ্ধতি জনপ্রিয় হচ্ছে
যশোরে বোরো খেতে পোকা দমনে পার্সিং পদ্ধতি ব্যবহার করছেন কৃষকেরা। এতে তাঁরা ভালো ফলও পাচ্ছেন। খেতের পোকা দমনে কৃষকেরা ক্রমেই প্রাকৃতিক এই পদ্ধতির দিকে ঝুঁকছেন।
কৃষিবিদেরা জানান, ফসলের জমিতে পাখি বসার উপযোগী বাঁশের আগা, কঞ্চি, গাছের ডাল প্রভৃতি পুঁতে দিতে হয়। পাখি বাঁশের এই আগা, কঞ্চি, গাছের ডালে বসে ক্ষতিকর পোকামাকড় ধরে খায়। পোকা দমনের এই পদ্ধতির নাম পার্সিং। ক্ষতিকর পোকামাকড়, বিশেষ করে মাজরা পোকার মথ দমনে এই পদ্ধতি বেশ কার্যকর। ধানের চারা রোপণের ২০ দিনের মধ্যে খেতে পার্সিং করা হয়। এক বিঘা জমির একটি খেতে কমপক্ষে ১০টি বাঁশের আগা, কঞ্চি বা ডাল পুঁততে হয় বলে তাঁরা জানান।
কয়েকটি বোরো খেত ঘুরে দেখা গেছে, খেতের মধ্যে কিছু দূর পরপর কৃষক বাঁশের আগা, কঞ্চি, গাছের ডাল প্রভৃতি পুঁতে দিয়েছেন। এসব বাঁশের আগা, কঞ্চি, গাছের ডালে বিভিন্ন রকমের পাখি বসছে এবং ধানখেতের পোকা খেয়ে ফেলছে। এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষা পাচ্ছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৪৩ হাজার ৫৪০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ১০ হেক্টর জমিতে পার্সিং করা হয়েছির। অর্থাৎ মোট আবাদের ৮৫ শতাংশ জমিতে পার্সিং করা হয়েছিল। সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৫১ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৬২৫ হেক্টর জমিতে পার্সিং করা হয়েছে। মোট আবাদের ৯০ শতাংশ জমিতে পার্সিং করা হয়েছে। অর্থাৎ গত বোরো মৌসুমের চেয়ে ৫ শতাংশ বেশি জমিতে এবার পার্সিং হয়েছে।
মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের আইয়ুব আলী বিশ্বাস এবার ১২ বিঘা জমিতে বোরোর আবাদ করেছেন। তিনি সম্পূর্ণ জমিতে পার্সিং করেছেন। তিনি বলেন, ‘এই পদ্ধতি পোকা দমনে বেশ কার্যকর। খেতের মধ্যে আমি চারটি থেকে সাতটি করে বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে দিয়েছি। এসব কঞ্চি ও ডালে পাখি বসে ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে।’
অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক জসিম শেখ বলেন, ‘আমি এবার এক বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। খেতে ১২টি গাছের ছোট ডাল পুঁতে দিয়েছি। বিভিন্ন প্রকার পাখি, বিশেষ করে ফিঙে ও শালিক ওই ডালে বসে খেতের ক্ষতিকর পোকা ধরে খেয়ে ফেলছে। এতে ভালো উপকার পাচ্ছি।’
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী হাবিবুর রহমান বলেন, ক্ষতিকর পোকা, বিশেষ করে মাজড়া পোকা দমনে পার্সিং পদ্ধতি খুবই কার্যকর। এই পদ্ধতি পরিবেশবান্ধব। মাজরা পোকা দমনে কীটনাশক না দেওয়ায় এতে কৃষকের উৎপাদন ব্যয়ও কম হয়। খেতে পুঁতে দেওয়া ডালপালায় কালো রঙের পাখি বসে মাজরা পোকার ডিম ও মথ খেয়ে ফেলে। তিনি আরও বলেন, পার্সিং পদ্ধতি কার্যকর হওয়ায় কৃষক এই পদ্ধতি বেশি পরিমাণে গ্রহণ করছেন। এবার জেলার মোট বোরো আবাদে ৯০ শতাংশ জমিতে পার্সিং করা হয়েছে।