বোরো খেতে ব্লাস্ট সংক্রমণ, কেটে ফেলা হচ্ছে আধা পাকা ধান

ধানের ছত্রাকজনিত রোগ ব্লাস্টের সংক্রমণ দেখা দিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। চলতি বোরো মৌসুমে ধান পাকার শুরুতেই সেখানের ফসলি জমিতে ব্লাস্ট সংক্রমণে আধা পাকা ধান চিটা হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ও পাকা ধান কাটার ধুম চলছে ধানখেতে। এ নিয়ে কৃষকদের দুশ্চিন্তা না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরে বোরো মৌসুমে শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়নে ৯ হাজার ৯৬৭ হেক্টর আবাদি জমিতে ব্রি-২৮, ২৯, ৪৮, ৫০ ও ৫৮ জাতের বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমিতে ব্লাস্ট সংক্রমণে ধান নষ্ট হয়ে গেছে। তাই চলতি বছরে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ৩৮৪ মেট্রিক টন। ব্লাস্টের কারণে ব্রি-২৮ জাতের ধান বেশি নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
সরেজমিনে উপজেলার ভূনবীর, মির্জাপুর, আশিদ্রোণ, কালাপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাওর এলাকা ঘুরে দেখা যায়, ধানখেতগুলোতে আধা পাকা ধানের গোড়া পচে গিয়ে শিষ শুকিয়ে ভেতরে চিটা হয়ে যাচ্ছে। ফলে ফসল রক্ষা করতে আধা পাকা ধান ঘরে তুলতে কৃষকেরা মরিয়া হয়ে মাঠে নেমেছেন।
শ্রীমঙ্গলের হাইল হাওর পাড়ে দ্রুতগতিতে ধান কাটছিলেন সবুজ মিয়া ও ইসমাইল মিয়া। তাঁরা জানান, হবিগঞ্জ থেকে ধান কাটার শ্রমিক হিসেবে শ্রীমঙ্গল এসেছেন। ধানে চিটা ও পচে যাওয়ার আগেই ধান ঘরে তুলতে জমির মালিক তাঁদের দ্রুত ধান কাটতে বলেছেন।
মকবুল মিয়া নামের এক কৃষক জানান, প্রথমে দু-একটি ধানের গোড়ায় পচন দেখা দিয়েছিল। পরে একের পর এক জমির ধানের গোড়ায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। ওষুধ ছিটিয়ে বোরো ধানে ব্লাস্ট রোগ কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই আগে থেকেই ধান কাটা শুরু করে দিয়েছেন তাঁরা।
কৃষক প্রমথ দাশ বলেন, তিনি এ বছর ২৪০ শতক জমিতে বোরো আবাদ করেছেন। ব্লাস্ট রোগের কারণে তাঁর আবাদি জমির অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে।
মির্জাপুর ইউনিয়নের কৃষক মজিদ মিয়া জানান, তিনি আগেও বোরো ধানের চাষ করেছেন। তবে এবারই প্রথম তাঁর জমিতে ব্লাস্ট দেখা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।
কালাপুর ইউনিয়নের কৃষক হাজি জসিম মিয়া ও ওসমান মিয়া বলেন, ধারদেনা করে ১৫০ শতক জমিতে বোরো চাষাবাদ করেন। এর মধ্যে সেচ, সার, কীটনাশক প্রয়োগ করতে প্রতি ৩০ শতকে ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। এখন ব্লাস্টের কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে।
আশিদ্রোণ ইউনিয়নের কৃষক কৃপেশ বৈদ্য ও গোবিন্দ দেবনাথ বলেন, শুরুতে ফলন বেশ ভালো হয়েছে। হঠাৎ করে খেতে ধানের গোড়ায় পচন ধরে। কিছু বুঝে ওঠার আগেই পুরো খেতে এ রোগ ছড়িয়ে পড়েছে।
বোরো খেতে ব্লাস্ট রোগ দেখা দেওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন মোনালিসা। তিনি বলেন, এখন দিনে গরম, আর রাতে ঠান্ডা পড়ছে। এ কারণে ব্লাস্টের প্রকোপ দেখা দিচ্ছে বোরো ধানে।
নীলুফার ইয়াসমিন মোনালিসা জানান, বোরো খেতে ব্লাস্ট রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি উপজেলার গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের ব্লাস্ট রোগ প্রতিকারের পরামর্শ দিচ্ছেন। এ নিয়ে দুশ্চিন্তা না করে কৃষকদের কৃষি অফিসের পরামর্শ নিতে বলেছেন তিনি।