বোরো খেতে লেদা পোকার আক্রমণ
রাজশাহীর বাগমারা উপজেলায় বোরো ধানের খেতগুলোতে আক্রমণ করেছে লেদা পোকা। এই পোকা ধানের শিষের অংশবিশেষ কেটে ফেলছে। আতঙ্কে কৃষকেরা আধপাকা ধান কেটে ফেলছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ ধরে এলাকার বোরো খেতগুলোতে এই পোকা আক্রমণ করেছে। নিচু এলাকার খেতগুলোতে এই পোকার আক্রমণের মাত্রা বেশি। দ্রুত এই পোকা ধান কেটে ফেলায় স্থানীয় কৃষকেরা এর নাম দিয়েছেন ‘কারেন্ট পোকা’। উপজেলার আউচপাড়া, কাচারীকোয়ালীপাড়া, শ্রীপুর, বাসুপাড়া, যোগীপাড়া, গোয়ালকান্দি, গোবিন্দপাড়া, শুভডাঙ্গা ও গণিপুর ইউনিয়নের বোরো খেতগুলোতে এ পোকা আক্রমণ করেছে। তবে বিল এলাকার নিচু জমিতে এই পোকা বেশি মাত্রায় আক্রমণ করছে।উপজেলার মধুপুর এলাকার কৃষক আফজাল হোসেন ও হাটগাঙ্গোপাড়া এলাকার কৃষক দেলশাদ আলী বলেন, রাতের অন্ধকারে এসব পোকা পাকা ধানের শিষে আক্রমণ করছে। আতঙ্কে এলাকার কৃষকেরা ধান কেটে ফেলছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা শামস ই তাবরিজ জানান, তাঁরা কীটনাশক প্রয়োগসহ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।