মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বোরো আবাদকৃত নিম্নাঞ্চলে কৃষকেরা সেচ দিয়ে বীজতলা তৈরি করেছেন। নদী ও ছড়াগুলো এখন শুকিয়ে গেছে। পানিশূন্য নদী ও ছড়া থেকে চাহিদামতো সেচ দিতে না পারায় বোরো আবাদ নিয়ে কৃষকেরা হতাশায় রয়েছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে চার হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত আমন মৌসুমে কমলগঞ্জে ১৭ হাজার ৩০০ হেক্টর জমিতে কৃষকেরা আমন চাষাবাদ করলেও সেচ-সুবিধার অভাবে অধিকাংশ জমিতে বাদামি রং ধারণ করে ধানগাছ লালচে হয়ে মারা গেছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি বোরো মৌসুমে কৃষকেরা পানির সুবিধা পেয়ে সেচ দিয়ে বীজতলা তৈরি করলেও সাম্প্রতিক সময়ে পানি কমে হাওর, বিল, নদনদী ও ছড়া শুকিয়ে যাচ্ছে।শমশেরনগর ইউনিয়নের কৃষক সিদ্দিকুর রহমান ও রাজু আহমেদ, পতনউষার ইউনিয়নের শেরওয়ান আলী ও রেজাউল করিম এবং হাজীপুর ইউনিয়নের কৃষক রাজা মিয়া বলেন, বিগত বছরে এ সময়ে সরকারি অর্থায়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্রসবাঁধ নির্মাণ করা হতো। ফলে যথাসময়ে পানির সুবিধা পাওয়া যেত। কিন্তু চলতি বোরো আবাদের মৌসুমে ক্রসবাঁধ নির্মাণের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, মনু নদীর স্লুইস গেট বন্ধ করে দেওয়ায় পতনউষারের কেওলার হাওরসহ নিম্নাঞ্চলে পানির সুবিধা পাওয়া যাবে। তা ছাড়া যেসব নদী ও ছড়ায় পানি এখন আছে, সেসব নদী ও ছড়ায় ক্রসবাঁধ দিয়ে পানি আটকে কৃষকেরা সেচ-সুবিধার ব্যবস্থা করে বোরো চাষাবাদ করতে পারবেন বলে তিনি জানান।