বোরো খেতে সেচ দিতে পারছেন না কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালে পানি না থাকায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চারটি ইউনিয়নের কৃষকেরা তাঁদের বোরো ধানের খেতে সেচ দিতে পারছেন না। ফলে প্রায় দুই হাজার একর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ভোগাই নদীর রাবার বাঁধের মাধ্যমে সেচসুবিধার আওতায় ছয় হাজার একর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। এর মধ্যে ভোগাই নদীর বাঘবেড় এলাকায় স্লুইচগেট দিয়ে দুধুয়ার খালে ৭২টি অগভীর নলকূপের (এলএলপি) মাধ্যমে চারটি ইউনিয়নের প্রায় দুই হাজার একর বোরো খেত সেচসুবিধার আওতায় রয়েছে। কিন্তু ১৫ দিন ধরে দুধুয়ার খালে পানি নেই। ফলে নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া, খলিসাকুড়া, বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা, জাঙ্গালীয়াকান্দা, কালিনগর, কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড়, তারাকান্দি ও যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের কৃষকেরা বোরো খেতে সেচ দিতে পারছেন না। কৃষকেরা বলেন, ভোগাই নদীতে স্লুইচগেটের উজানে অর্ধশতাধিক স্থানে খননযন্ত্রের মাধ্যমে বালু তোলা হচ্ছে। বালুর সঙ্গে পানি উঠে আসায় নদীতে পানি সংকট দেখা দিয়েছে। এ ছাড়া রাবার বাঁধের ব্যবস্থাপনা কমিটির অব্যবস্থাপনা ও সুষম পানি বণ্টন না হওয়ায় চারটি ইউনিয়নের কৃষকেরা বোরো খেতে সেচ দিতে পারছেন না। কৃষকেরা দ্রুত বালু তোলা বন্ধ করাসহ নদীতে বাঁধ দিয়ে স্লুইচগেটের মাধ্যমে দুধয়ার খালে পানি সরবরাহ করার দাবি জানান।কালিনগর গ্রামের কৃষক আবদুস সামাদ (৬০) বলেন, তিনি তাঁর ছয় একর জমিতে এবার বোরো ধানের আবাদ করেছেন। ধানগাছে শীষও এসেছে। অথচ এই সময়ে পানি না থাকায় তিনি সেচ দিতে পারছেন না। শিগগিরই খেতে পানি দিতে না পারলে ধানগাছ মারা যাবে। তিনি নদীর উজানে বালু তোলা বন্ধ করে খালে পানি দেওয়ার দাবি জানান। পশ্চিম শিমুলতলা গ্রামের কৃষক মো. নুরুল হক বলেন, ‘১৫ দিন ধরে খেতে পানি দিবার পাইতাছি না। এইভাবে আর কয়েক দিন থাকলে খেত মইরা যাইব।’ শিমুলতলা গ্রামের কৃষক মো.হাবিবুর রহমান বলেন, ‘স্লুইচগেটের ভাটিতে বাঁধ দিয়ে তিন-চার দিন রাখলে কিছুটা পানি পাওয়া যাইত। পানি না পাওয়া গেলে কৃষকরা মাঠে মারা যাইব।’ জাঙ্গালীয়া কান্দা গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, বাঁধের কমিটির অব্যবস্থাপনার কারণে শেষ সময়ে এসে তারা বোরো খেতে পানি দিতে পারছেন না।অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করে রাবার বাঁধের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ বলেন, নদীতে পানি কমে যাওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনে নদীতে বাঁধ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।উপজেলা কৃষি কর্মকর্তা মোহামঞ্চদ আলী বলেন, ‘বিষয়টি জেনেছি। সেচসুবিধার জন্য এরই মধ্যে লিখিতভাবে বালু উত্তোলন বন্ধ রাখাতে বলা হয়েছে। আশা করছি, কৃষকেরা দু-চার দিনের মধ্যে সেচসুবিধা পাবেন।’