বোরো চারার জন্য কৃষকের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ও রাজশাহীতে বোরো ধানের চারার সংকট দেখা দিয়েছে। তীব্র শীত ও কুয়াশার কারণে বীজতলা নষ্ট হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। ফলে চলতি মৌসুমে এ দুটি জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৮৩ হাজার ৮১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত সোমবার পর্যন্ত ছয় হাজার ৪৭০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। চারা রোপণ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। কৃষকেরা বলছেন, কুয়াশা ও তীব্র শীতের কারণে এবার অনেক বীজতলা নষ্ট হয়েছে। যাঁরা কিছু চারা তৈরি করতে পেরেছেন, তাঁরা এবার ১০ গুণ দাম হাঁকছেন। চারার অভাবে কৃষকেরা এবার আখ, পেঁয়াজ ও গম চাষ করছেন। অনেকেই জমি ফেলে রেখেছেন।পুঠিয়া উপজেলার গোবিন্দনগর গ্রামের কৃষক আক্তার হোসেন ব্যক্তিমালিকানায় একটি গভীর নলকূপ চালান। তাঁর নলকূপের আওতায় ২৫০ বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়ে থাকে। তিনি বলেন, চারার অভাবে কৃষকেরা এবার বোরো আবাদ করতে পারছেন না। এ কারণে তাঁর নলকূপটি বন্ধ রাখতে হচ্ছে। বাঘা উপজেলার নওটিকা গ্রামের সোপন আলী বলেন, গতবার এক কানি (চার বর্গহাত জায়গা) চারা ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া গেছে। এবার সেই চারা আড়াই শ থেকে ৩০০ টাকায় কিনতে হচ্ছে। তাই তিনি এবার ধান আবাদ না করার সিদ্ধান্ত নিয়েছেন । সরেজমিন গত সোমবার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা, গোদাগাড়ী, গোগ্রাম ও রিশিকুল ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বেশির ভাগ জমিই পতিত রয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহসীন আলী মিঞা বলেন, কৃষকেরা ফেব্রুয়ারি মাসজুড়ে চারা রোপণ করবেন। লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি বলেন, কিছু লোক বাণিজ্যিক ভিত্তিতে চারা তৈরি করেন। তাঁরা কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য বেশি দাম হাঁকছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুড়িগ্রাম কার্যালয়ের হিসাব অনুযায়ী, জেলায় এক লাখ সাত হাজার ৮১১ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৪৮ হাজার ১৬ হেক্টর জমিতে চারা লাগানো হয়েছে। নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ধনীয়ারপার দামাল গ্রামের কৃষক লুত্ফর রহমান ও আবদুল কাদের জানান, তাঁদের বীজতলার বেশির ভাগ চারা ঠিকমতো বড় হয়নি। চারাগুলো হলুদ হয়ে গেছে। এক বিঘা জমিতে লাগানোর মতো (১০ মুঠা) চারার দাম এখন দুই হাজার টাকা। তাঁরা বলেন, ‘এত টাকায় চারা কিনে আমাদের পক্ষে আবাদ করা সম্ভব নয়।’ চিলমারী উপজেলার বালাবাড়ী হাট এলাকার কৃষক শহর উদ্দিন পাঁচ বিঘা জমি আবাদের জন্য বীজতলা করেছিলেন। তীব্র শীতের কারণে তাঁর অধিকাংশ চারা নষ্ট হয়ে গেছে। জেলার নয়টি উপজেলায়ই শীতের কারণে কমবেশি চারা নষ্ট হয়েছে। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের ভারপ্রাপ্ত উপপরিচালক দেওয়ান আবদুল মজিদ জানান, শীত ও কুয়াশার কারণে এবার দেরিতে বোরো আবাদ শুরু হয়েছে। শীতের কারণে চারা কিছু নষ্ট হয়েছে, তবে আবাদে এর তেমন কোনো প্রভাব পড়বে না।