সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কংস নদের বাঁধ ভেঙে যাওয়ায় এখানকার সদর ইউনিয়নের পাঁচটি গ্রামের আট শতাধিক কৃষকের ৭৫০ একর জমিতে চলতি বোরো মৌসুমে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বাঁধটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এলাকার কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন। উপজেলা প্রশাসন, কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধরমপাশা সদর ইউনিয়নের দশধরী, নোয়াগাঁও, আতকাপাড়া, দুধবহর ও চকপাড়া প্রামের কৃষকেরা আতকাপাড়া গ্রামসংলগ্ন কংস নদে বাঁধ দিয়ে সেচকাজের জন্য পানি আটকিয়ে প্রতি বোরো মৌসুমে এই গ্রামগুলোর সামনের বন্দে (বোরো জমি) চাষাবাদ করে আসছেন। এ বছরও মাটি ফেলে বাঁধের কাজ করার জন্য একটি প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ১০-১২ দিন আগে বাঁধটিতে পানি আটকানোর জন্য মাটি ফেলা হয়। কিন্তু বাঁধের কাজ নামমাত্র শেষ করায় ১২ ডিসেম্বর গভীর রাতে তা ভেঙে গিয়ে বাঁধের উত্তর দিকে পানি প্রবাহিত হতে শুরু করে।গতকাল বিকেল সাড়ে তিনটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের এক পাশে বাঁশ পুঁতে মাটি ফেলা হয়েছে। দুই পাশে বাঁশ দিয়ে মাটি না আটকানোয় বাঁধটি ভেঙে গেছে।আতকাপাড়া গ্রামের কৃষক আমির হামজা (৩৫), বারেক মিয়া (৫০), আবদুল কদ্দুসসহ (৩০) একাধিক কৃষক অভিযোগ করে বলেন, ‘সরহারি টেহা দেওয়া অইলেও বানডার কাম নামমাত্র করা অইছে। অহন এইডা পানির তোড় ছাড়াই ভাইঙ্গা গেছে। দুই-তিন দিনের মধ্যে বানডা না বানলে জমি চাষ করন যাইত না।’ তাঁরা দ্রুত বাঁধটি মেরামতের দাবি জানান। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুর রহমান বলেন, এই বাঁধের নামে সরকারি বরাদ্দ আসার বিষয়টি আমি জানি না।’প্রকল্প চেয়ারম্যান ও ধরমপাশা সদর ইউপির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী বলেন, পানির প্রবল স্রোতে বাঁধটি ভেঙে গেছে। তবে বাঁধের কাজ এখনো পুরো শেষ হয়নি। শিগগিরই বাঁধের কাজ সম্পন্ন করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীপক কুমার পাল বলেন, জরুরিভাবে বাঁধটি মেরামতের কাজ না করা হলে শুধু এই উপজেলা নয়, পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলাসহ প্রায় এক হাজার হেক্টর বোরো জমির সেচকাজ ব্যাহত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘এ-সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’