সেচ ও চারা সংকটের কারণে চলতি বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃষকেরা। এতে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না-ও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কৃষি কার্যালয় সূত্র জানায়, পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে সাত হাজার হেক্টর জমিতে উফশী বোরো ও ১৬০ হেক্টর জমিতে হাইব্রিড বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৬৩ হেক্টর। কিন্তু সাম্প্রতিক শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে বেশির ভাগ বীজতলার চারাগাছ মরে যায়। এতে চারার সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বোরো চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ৪০ ভাগ জমিতে এখনো হালচাষ করা হয়নি। গত বোরো মৌসুমে হোসেনপুর উপজেলায় ডিজেলচালিত সেচযন্ত্র ছিল এক হাজার ২৬টি এবং বিদ্যুৎচালিত সেচযন্ত্র ছিল ৬৩৪টি। গত কয়েক বছরে ডিজেল ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় অনেক মালিক তাঁদের সেচযন্ত্র চালাবেন কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। উপজেলার বাসুরচর গ্রামের কৃষক আবুল কালাম জানান, পাঁচ শতক জমিতে বীজতলা তৈরি করেছিলেন তিনি। কিন্তু দুই দফায় শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে গেছে।চর বিশ্বনাথপুর গ্রামের ইসলাম মিয়া বলেন, মৌসুমের শুরুতেই লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। তাই সঠিক সময়ে জমিতে সেচ দিতে পারবেন কি না, এ নিয়ে তাঁরা শঙ্কার মধ্যে রয়েছেন। গোবিন্দপুর গ্রামের কৃষক সাইদুর মিয়া বলেন, গত কয়েক বছর উৎপাদন খরচ না ওঠায় এবং সম্প্রতি ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে বেশি লোকসানের আশঙ্কায় এ বছর বোরো চাষ বাদ দিয়ে তিনি গম চাষ করছেন।কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যয় বেড়ে যাওয়ায় লাভের বদলে ক্ষতির সম্ভাবনা বেশি। তাই উপজেলার অনেক কৃষক বোরো চাষ কমিয়ে দিয়েছেন। আবার অনেকে বোরো চাষ ছেড়ে দিয়ে গম, ভুট্টাসহ অন্যান্য ফসলের দিকে ঝুঁকে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহম্মদ বলেন, বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের যথাযথ পরামর্শ দিতে কৃষি বিভাগের মাঠকর্মীরা সচেষ্ট। তাঁরা আশা করছেন, এতে সফলতা আসবে।