বোরো চাষে অতিরিক্ত ব্যয় হবে সাড়ে নয় কোটি টাকা
জ্বালানি তেল ও ইউরিয়ার দাম বাড়ার কারণে চলতি বোরো মৌসুমে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিজেলচালিত সেচযন্ত্র ব্যবহারকারী ৬১ হাজার ৩৯২ জন কৃষককে ডিজেল ও ইউরিয়া বাবদ অতিরিক্ত প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয় করতে হবে। গত চার মাসে তিন দফায় ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৫ টাকা। বর্তমানে প্রতি লিটার ডিজেলের মূল্য ৬১ টাকা নির্ধারণ করা হলেও প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে বিক্রি হচ্ছে ৬৩-৬৪ টাকা দরে। এ ছাড়া ১ জুন ২০১১ থেকে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়ার দাম ৪০০ টাকা বাড়ানো হয়। অপর দিকে উৎপাদিত ধানের দাম কমে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ২২ হাজার ৩৩৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চার হাজার হেক্টর জমিতে বিদ্যুৎচালিত ৬৫টি সেচপাম্প ব্যবহার করবেন কৃষকেরা। বাকি ১৮ হাজার ৩৩৫ হেক্টর জমিতে পাঁচটি ডিজেলচালিত গভীর এবং সাত হাজার ৫২৩টি অগভীর নলকূপ দিয়ে সেচ দেওয়া হবে। প্রতি হেক্টর বোরো খেতে পুরো মৌসুম (তিন মাস) সেচ দিতে ১৫৫ লিটার ডিজেল প্রয়োজন হবে। তিন দফায় প্রতিলিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় প্রতি হেক্টরে সেচের জন্য গতবারের চেয়ে এবার ডিজেল বাবদ বেশি খরচ হবে দুই হাজার ৭৯০ টাকা। এ হিসাবে উপজেলায় কৃষকদের শুধু ডিজেল কিনতে অতিরিক্ত ব্যয় করতে হবে প্রায় পাঁচ কোটি সাড়ে ১১ লাখ টাকা। অন্যদিকে বোরো আবাদে প্রতি হেক্টরে ২৫০ কেজি (পাঁচ বস্তা) ইউরিয়া লাগে। ইউরিয়ার দাম বস্তাপ্রতি ৪০০ টাকা বাড়ায় প্রতি হেক্টরে ইউরিয়া প্রয়োগের ব্যয় বাড়ছে দুই হাজার টাকা। ফলে বোরো চাষিদের ইউরিয়ার জন্য গতবারের চেয়ে অতিরিক্ত ব্যয় হবে প্রায় সাড়ে চার কোটি টাকা। সব মিলিয়ে উপজেলায় ডিজেল ও ইউরিয়ার জন্য গতবারের চেয়ে এবার প্রায় নয় কোটি ৫৮ লাখ টাকা বেশি ব্যয় হবে। উপজেলার রামখানা ইউনিয়নের শিয়ালকান্দা গ্রামের কৃষক জাহেদুল ইসলাম (৪৭) ও মোকাদ্দেছ আলী (৫২), কচাকাটার মোল্লাপাড়া গ্রামের মোরশেদ আলী (৪২) এবং পৌরসভার বল্লভপুর গ্রামের আইয়ুব আলী (৫২) জানান, একদিকে ধান ও পাটের দাম কমে গেছে, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে কৃষিপণ্যের দাম। ফলে এবার বোরো আবাদ অনেক কমে যাবে। নাগেশ্বরী পুরাতন বাজারের তেল-সার ব্যবসায়ী শাহজামাল টিপু জানান, তেল ও সারের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহনখরচও বেড়ে গেছে। ফলে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছে। নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার বলেন, সার ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে চলতি মৌসুমে বোরো চাষিদের অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে। তবে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট), এমওপির (মিউরেট অব পটাশ) দাম আগের চেয়ে অনেক কমানো হয়েছে।