কৃষক মীরণ আহমেদ তরফদার গত মৌসুমে ১১ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। ধান পেয়েছিলেন ৩০০ মণ। কিন্তু ভবদহ অঞ্চলের বিলে এই জমিতে এবার বোরো আবাদের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। কারণ তাঁর সব জমি এখনো পানির অনেক নিচে।
কৃষক মীরণের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, এখনো ভবদহের বিল চাতরায় কোমর সমান পানি ও বিল কেদারিয়ায় থই পাওয়া যায় না। কোনো বীজতলা তৈরি করতে পারেননি। এবার আর বোরোর আবাদ হবে না। এতে পরিবারের সদস্যদের নিয়ে না খায়ে থাকতে হবে।
জেলার মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামের কৃষক শুভংকর বৈরাগী বলেন, ‘গত বছর সাত বিঘা জমিতি বোরোর চাষ করিছিলাম। এবার বিলে এখনো গলাজল। ধান হবে না। কী খেয়ে যে বাঁচতি হবেনে!’
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্যতা হারিয়েছে। এ কারণে এই এলাকার পানি নামছে না। গত বছরের আগস্টে অতিবৃষ্টিতে এলাকার বিলগুলো প্লাবিত হয়। বিল উপচে পানি ঢোকে বিলসংলগ্ন গ্রামগুলোতে। পানিতে তলিয়ে যায় ৪৮৭ বর্গকিলোমিটার এলাকা। পানিবন্দী হয়ে পড়ে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় তিন লাখ মানুষ। এরপর ভবদহে শ্রী ও হরি নদীতে মাটি কাটার যন্ত্র দিয়ে পাইলট (পরীক্ষামূলক) চ্যানেল কাটার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একপর্যায়ে বাড়িঘর থেকে পানি নেমে যায়।
ভবদহ অঞ্চলে অন্তত ৫২টি বিল আছে। গত শনি ও সোমবার ভবদহ অঞ্চলের অন্তত ১০টি বিল এলাকায় গিয়ে দেখা গেছে, পানি আটকে আছে। নদী দিয়ে পানি নামছে না।
অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা তিনটির ভবদহ অঞ্চলে কৃষক আছেন প্রায় ৫০ হাজার। ওই অঞ্চলে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়।
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিকাশ রায় বলেন, তাঁর ইউনিয়নের বিলের ওপরের অংশের কিছু জমিতে বোরোর চাষ হতে পারে। এলাকায় এখনই খাদ্যের সংকট দেখা দিয়েছে। বোরোর আবাদ না হলে এই সংকট তীব্র হবে।
ওই উপজেলার চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্লা বলেন, ‘আমার ইউনিয়নের সব বোরো খেত পানিতে তলিয়ে আছে। কৃষকদের উদ্বুদ্ধ করে দুটি বিলের পানি শ্যালোমেশিন দিয়ে সেচে বোরো চাষের উদ্যোগ নিয়েছি। এটা সম্ভব হলে প্রায় ৭০০ একর জমিতে বোরো চাষ করা যাবে।’
মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় বলেন, ‘জলাবদ্ধতার কারণে এবার আমন ধান হয়নি। এলাকায় খাদ্যাভাব শুরু হয়ে গেছে। এলাকার সব বিলভরা জল। জল কিছুটা কম আছে এমন বিল সেচে বোরো ধান চাষের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এ উপজেলার হরিদাশকাটি ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে বলেন, ‘ভবদহ অঞ্চলের সবচেয়ে বড় বিল হচ্ছে বিল বোকড়। বিলটিতে এখনো অনেক জল। বিল সেচে বোরো ধান চাষের কোনো সুযোগ নেই। বিল ডুমুরে জল একটু কম আছে। আমরা এই বিল সেচে মুক্তেশ্বরী নদীতে জল ফেলার উদ্যোগ নিয়েছি। আশা করছি বিল ডুমুরে বোরো ধানের চাষ করা সম্ভব হবে।’
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, ‘বিলের পানি সেচে বোরো চাষ করতে আমরা কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করছি। তা ছাড়া পাশের খাল দিয়ে বিলের পানি সরাতে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ভবদহ এলাকায় যে পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয়েছিল, এবার তার ৮০ থেকে ৯০ ভাগ জমিতে বোরো চাষ করা সম্ভব হবে বলে আশা করছি।’
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার বলেন, ‘ভবদহ এলাকার ছোট বিলগুলো সেচে বোরো চাষের জন্য কৃষকেরা উদ্যোগী হয়েছেন। আমরা তাঁদের নানাভাবে পরামর্শ দিচ্ছি। তা ছাড়া পানি বেশি থাকায় অনেক জমিতে কৃষক ধান চাষ না করে মাছ চাষ করতে আগ্রহী হয়েছেন। আমরা কৃষকদের আগ্রহের বিষয়টি প্রাধান্য দিচ্ছি। ১৫ ফেব্রুয়ারি বোরো ধান রোপণের শেষ সময়। এরপর বলা যাবে কী পরিমাণ জমিতে বোরোর চাষ হচ্ছে না।’
কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা বলেন, ‘বিলগুলো থেকে জল সরানোর জন্য সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা বিল থেকে দ্রুত জল সরিয়ে দেওয়ার দাবি করেছি। এ ছাড়া এলাকার কৃষকেরা ছোট বিলগুলো সেচে বোরো চাষের চেষ্টা চালাচ্ছেন। আমরা তাঁদের নানাভাবে সহায়তা করছি।’
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূর করা এবং বিলগুলোতে বোরো ধানের চাষ যাতে হয়, সে জন্য আমরা তিনটি এক্সকাভেটর দিয়ে শ্রী ও হরি নদীর মধ্যে পাইলট চ্যানেল কাটার দাবি তুলেছিলাম। কিন্তু একটি মাত্র এক্সকাভেটর দিয়ে খননকাজ করা হয়েছে। ফলে এলাকার প্রায় সব বিলে এখনো পানি রয়েছে। কৃষকেরা সেচ দিয়ে কিছু কিছু বিলে বোরো ধান চাষের চেষ্টা করছেন। এতে সব মিলিয়ে এলাকার ২৫ থেকে ৩০ ভাগ জমিতে বোরোর আবাদ হতে পারে।’
পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘শ্রী ও হরি নদীতে পাইলট চ্যানেল কাটার ফলে ভবদহ অঞ্চলের বেশির ভাগ পানি নেমে গেছে। নদীগুলো কচুরিপানায় ভরে আছে। এ কারণে নদী দিয়ে ধীরে ধীরে পানি নামছে।’ তিনি বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে মধ্যবর্তী ব্যবস্থা হিসেবে জোয়ারাধার (টিআরএম-টাইডল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা বাস্তবায়িত হলে আগামী কয়েক বছর এই অঞ্চলে জলাবদ্ধতা হবে না। তবে সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য জাতীয় পর্যায়ে চিন্তাভাবনা চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন।’