বোরো চাষে কৃষকের আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলসহ কৃষি উপকরণের মূল্য ও শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ নানা কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষকেরা বোরো চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন। তাই চলতি মৌসুমে বোরো উৎপাদন অনেক কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে কমলগঞ্জ উপজেলায় চার হাজার ২৩৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র ৫০০ হেক্টর জমিতে চাষাবাদ শুরু হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতে বোরো আবাদ হতে পারে। অথচ গত বছর কমলগঞ্জে চার হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়। এতে ধান উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৯৮৭ মেট্রিক টন।পতনঊষার ইউনিয়নের কৃষক রাজা মিয়া ও মুক্তাদির জানান, তাঁরা কয়েকজন কৃষক মিলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা শাখা থেকে ঋণ নিয়ে সেচের জন্য ছয়-সাতটি অগভীর নলকূপ (শ্যালো মেশিন) বসিয়ে গত কয়েক বছর মনসুরপুর, শ্রীসূর্য এলাকার ১০ থেকে ১৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছিলেন। সার, জ্বালানি তেলসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে একটি অগভীর নলকূপও বসানো হয়নি। তাই এসব এলাকার কোনো জমিতে বোরো চাষাবাদের সম্ভাবনা নেই।কৃষক তোয়াবুর রহমান, ফটিকুল ইসলাম ও মোজাহিদ আলী বলেন, এ বছর কেওলার হাওর এলাকায় বোরো আবাদ অর্ধেকে নেমে আসবে। শুধু নিচু জমিতে বোরো আবাদের জন্য কৃষকেরা জমি প্রস্তুত করছেন। তাঁরা আরও বলেন, কৃষি উপকরণের মূল্য ও শ্রমিকের মজুরি বৃদ্ধি, শ্রমিক-সংকট—এসব কারণে হাওর-বিলের নিচু জমি ছাড়া অন্য জমিতে বোরো আবাদে এখন আর আগ্রহ নেই।কমলগঞ্জ কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল দেব বলেন, বোরো আবাদসহ কৃষি উৎপাদনে তাঁরা সার্বক্ষণিক কৃষকদের উৎসাহিত করছেন। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও লাভজনক হবে না বলে যুক্তি দেখিয়ে কৃষকেরা এবার বোরো আবাদে আগ্রহ কম দেখাচ্ছেন।কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দিন আহমদ জানান, তিনি ইসলামপুর ইউনিয়নে মাঠ পরিদর্শন করছেন। বোরো আবাদের সঙ্গে বিদ্যুতের সংযোগসহ অনেক বিষয় জড়িত। এসব বিষয় ছাড়াও কেন কৃষকেরা এ বছর বোরো আবাদে নিরুৎসাহিত হচ্ছেন, তা বোঝা যাচ্ছে না।