বোরো চাষে বেশি ব্যয় হবে ২৭ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল (ডিজেল), বিদ্যুৎ ও ইউরিয়ার দাম বাড়ায় জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে বোরোচাষিদের প্রায় ২৭ কোটি টাকা বেশি খরচ হবে।বোরোচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারিভাবে নির্ধারণ করা প্রতি লিটার ডিজেলের দাম ৬১ টাকা হলেও প্রত্যন্ত অঞ্চলে লিটারপ্রতি দুই-তিন টাকা বেশি দামে বিক্রি হয়। সদর উপজেলার সুন্দরপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম ও ক্ষেতলালের আমিড়া গ্রামের আবদুল হান্নান জানান, গত বছর ডিজেলচালিত অগভীর নলকূপে এক বিঘা জমিতে সেচ বাবদ এক হাজার ৪০০ টাকা নিয়েছিল। চলতি মৌসুমে এক হাজার ৮০০ টাকা করে নেওয়া হবে।সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালী গ্রামের কৃষক ও বিদ্যুৎচালিত গভীর নলকূপের মালিক শাহ আলম বলেন, ‘গত বছর এক বিঘা জমিতে সেচ দিতে ৯০০ টাকা নেওয়া হয়েছে। এ বছর ২০০ টাকা বেশি নিতে হবে। এবার দিনমজুরি, নলকূপের ড্রেনম্যানের বেতন ও ড্রাইভারের বেতনও বেশি দিতে হবে।’ বাঁশকাটা গ্রামের বরেন্দ্র গভীর নলকূপের পরিচালক কাজী সামছুল হক জানান, গত বছর প্রতি ঘণ্টা সেচের মূল্য ছিল ৭৫ টাকা। এ মৌসুমে বরেন্দ্র প্রকল্প থেকে চিঠি দিয়ে প্রতি ঘণ্টা ১০ টাকা বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৬৮ হাজার ৬৭৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিজেলচালিত ২২০টি গভীর নলকূপ ও আট হাজার ৪৬৩টি অগভীর নলকূপ দিয়ে জেলায় ২৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়। এ মৌসুমে নলকূপগুলোতে ৮০ লাখ লিটার ডিজেলের চাহিদা রয়েছে। আর বিদ্যুৎচালিত গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে জেলায় ৪২ হাজার ৬৭৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়। জেলায় বিদ্যুৎচালিত গভীর নলকূপ রয়েছে এক হাজার ৪৩১টি এবং অগভীর নলকূপ রয়েছে দুই হাজার ৫৯টি।জেলায় বোরো মৌসুমে ইউরিয়ার চাহিদা রয়েছে ১৮ হাজার মেট্রিক টন। গত বছর এক মেট্রিক টন ইউরিয়ার দাম ছিল ১০ হাজার ৭০০ টাকা। বর্তমানে দাম হয়েছে টনপ্রতি ১৮ হাজার ৭০০ টাকা। গত মৌসুমে প্রতিলিটার ডিজেলের দাম ছিল ৪৪ টাকা ৩৫ পয়সা। এবার ওই ডিজেলের দাম ৬১ টাকা হয়েছে। প্রতি বিঘা জমিতে সেচ দিতে পাম্পযন্ত্রে ৩৫ লিটার ডিজেল লাগে। এ হিসাবে শুধু ডিজেলচালিত গভীর-অগভীর নলকূপে পানি সেচের জন্য কৃষকের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১২ কোটি টাকা।