বোরো ধান কাটায় ব্যস্ত শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনেক শিক্ষার্থী এখন বিদ্যালয়ে না গিয়ে ধানখেতে যাচ্ছে । ধান কাটার এ মৌসুমে বাড়তি কিছু রোজগারের আশায় শিক্ষার্থীরা বিদ্যালয় ফাঁকি দিয়ে ধান কাটার কাজ করছে।
উপজেলার পাঁচটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, এখন শিক্ষার্থীদের সংখ্যা অনেক কম। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বেশি অনুপস্থিত থাকছে।
স্থানীয়ভাবে শিবগঞ্জ উপজেলা ‘ধান গোলা’ হিসেবে পরিচিত। উপজেলার ১২ জন কৃষক বলেন, এখন চলছে খেত থেকে ধান ঘরে তোলার মৌসুম। এলাকায় শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ কারণে অভিভাবকেরা নিজ সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে ধান কাটার কাজ করাচ্ছেন। অনেক শিক্ষার্থী বাড়তি আয়ের আশায় নিজের ইচ্ছাতেই শ্রমিকের কাজ করতে খেতে নেমে পড়েছে।
গত বুধবার দুপুরে উপজেলার পনেরোটিকা মাঠে গিয়ে দেখা যায়, ছয়জন ছাত্র ধান কাটার কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এদেরই একজন জানায়, সে শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। চার দিন হলো সে বিদ্যালয়ে যাচ্ছে না। এই কাজ করে সে প্রতিদিন ১৫০ টাকা করে পায়। এই টাকা সে তার মা-বাবাকে দেবে। একই বিদ্যালয়ের আরেক ছাত্র বলে, ‘আমি বাবার সঙ্গে এসেছি । ধান কাটা শেষ হলেই আবার স্কুলে যাব।’
উপজেলার আটমূল গ্রামের মাঠে গিয়ে দেখা যায় সেখানেও অনেক শিক্ষার্থী মাঠে কাজ করছে। তাদের একজন রাজিব হোসেন (১২) জানায়, এই মৌসুমে সে ১০ থেকে ১২ দিন কাজ করবে। এ কাজ করে যে টাকা পাবে তা দিয়ে নতুন কাপড় বানাবে। বাকি টাকা বাবাকে দেবে। প্রতিদিন সে ১৫০ টাকা করে মজুরি পায়। এই মাঠের শিশু শ্রমিকেরা বলে, খেত মালিকেরা তাদের অনেক কম টাকায় কাজ করাচ্ছেন। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে তারা পাচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা। অথচ একই পরিমাণ কাজ করে বয়স্ক দিনমজুরেরা পাচ্ছেন ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা।
আটমূল গ্রামের দিনমজুর বকুল মিয়া (৪৫) জানান, তাঁর দুই ছেলে। একজন পঞ্চম শ্রেণি, আরেকজন সপ্তম শ্রেণিতে পড়ে। তবে ধান কাটার সময়ে কয়েকটা দিন ছেলেরা বিদ্যালয়ে যায় না। তাঁর সঙ্গে খেতে কাজ করে। বাপ-ছেলে মিলে কাজ করায় বেশ আয় হয়।
এ ব্যাপারে আটমূল বিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার এমদাদুল হক বলেন, এ সময়টাতে অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। তবে খেত থেকে ধান উঠে গেলেই এ সমস্যা আর থাকবে না।
শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, এলাকার অভাবী পরিবারের সন্তানেরা এ সময় ধানখেতে কাজ করে। শহর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই সমস্যা বেশি।