বোরো ধান দ্রুত কাটতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে দ্রুত বোরো ধান কেটে নিতে মাইকিং করা হচ্ছে। গতকাল বৃহস্পতি ও গত বুধবার কৃষি বিভাগের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বগুড়ার ওপর দিয়ে দুই দফা কালবৈশাখী বয়ে গেছে। এর সঙ্গে মাঝেমধ্যেই শিলাবৃষ্টিও হচ্ছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলায় বর্তমানে ২১ হাজার ৪৫১ হেক্টর জমিতে বোরো ধান রয়েছে। বৈশাখজুড়ে ঝোড়ো হাওয়া ও শীলাবৃষ্টির মতো প্রাকৃতিক বৈরিতার আশঙ্কা থাকায় আর যাতে বোরোর উৎপাদন ব্যাহত না নয়, এ জন্য কৃষকদের দ্রুত খেত থেকে ধান কেটে ঘরে নিতে বলা হচ্ছে।
উপজেলার ১০ থেকে ১২ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, খেত থেকে ধান কেটে নিতে কৃষি বিভাগের এই মাইকিংয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই একে ঝড়ের পূর্বাভাস মনে করছেন। একদিকে ফসল রক্ষার চিন্তা, অন্যদিকে বাজারে ধানের দাম না থাকায় কৃষকরা বিপাকে পড়েছেন।
উপজেলার বিজয়ঘাট গ্রামের কৃষক শামছুল ইসলাম বলেন, ‘ঝড়ি হবি বলি কৃষি বিভাগ মাইকে ধান কাটবার কচ্চে। ঝড়ির ভয়ে হামি বেশি দামে খ্যাতত কামলা লাগে দিছি। কামলারা ধান কাটিচ্চে ঠিকই; কিন্ত বাজারত খোঁজ লিয়ে দেকনো, ধানেত দাম নাই।’
উপজেলার কাথম গ্রামের কৃষক হবিবর রহমান বলেন, ‘সরকারি লোক মাইকে কচ্চে ঝড় হবি, জমিত থ্যাকে জলদি ধান কাটে লেও। শুনে হামার বুকটা তো ছাৎ করে উটিচ্চে। ধান না হয় কাটে লিয়ে আসনো। ঝড়ত যদি বাড়িঘর উল্টি যায়!’
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মশিদুল হক বলেন, উপজেলায় মাঠে থাকা বোরো ধানের ৮০ থেকে ৯০ শতাংশই পেকে গেছে। অনেক কৃষকই খেতের ধান পুরোপুরি পাকা এবং ভালো দাম পাওয়ার আশায় কাটছেন না। অথচ এবার বৈশাখে ঝড়-শিলাবৃষ্টি লেগেই আছে। প্রাকৃতিক দুর্যোগে পুরো ফসল যাতে নষ্ট না হয়, সে জন্য মাইকিং করা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।