সড়ক দুর্ঘটনায় দুই জেলায় শিশুসহ নিহত ৫
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার রাজশাহীতে এক শিশুসহ চারজন এবং বগুড়ায় একজন প্রাণ হারিয়েছেন।
রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের বাসিন্দা শাহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মোটরসাইকেলে করে ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ছেলে মিনহাজুল ইসলাম (১১) মারা যায়। আহত মা-বাবাকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিনহাজ সরদহ পাইলট সরকারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। সকাল নয়টার দিকে মোক্তারপুর বালুঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
পুঠিয়া থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন, উপজেলার তারাপুরে নাটোর-রাজশাহী মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসে। বিকেল পাঁচটার দিকে তিন মোটরসাইকেল আরোহীকে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ থামতে ইশারা করে। কিন্তু ওই মোটরসাইকেল আরোহীরা গতি বাড়িয়ে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে তিন তরুণই মারা যান। নিহত তরুণেরা হলেন নাটোরের কান্দিভিটা এলাকার আবদুল হালিমের ছেলে মেহেদী হাসান (২৭), আবদুল আজিজের ছেলে শুভ (২৮) ও দুলুর ছেলে সুমন (৩০)। এ ঘটনার পর স্থানীয় লোকজন দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মহাসড়ক অবরোধ মুক্ত করা হয়।
একই দিন বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবাশ আলী (৪৫) নামে এক নির্মাণশ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ নিকুঞ্জ সরকার বলেন, সকাল সাতটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সদরের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাবাশ আলী। তিনি পৌর শহরের পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও তাঁর সহকারী পালিয়েছেন।