বোরো ধানখেতে ও ফলের বাগানে বন্য হাতির তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বেশ কিছুদিন ধরে তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। বোরোখেত এবং ফলদ বাগান নষ্ট করেছে হাতির দল।
উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম ও মারমা পাড়া এলাকায় ২ মে রাতে পাহাড়ি এলাকা থেকে হঠাৎ বন্য হাতির দল (২০ থেকে ২৫টি হাতি) নেমে আসে। ১৫ থেকে ২০ একর পাকা-আধাপাকা বোরোখেত নষ্ট করেছে হাতির দলটি। স্থানীয় বাসিন্দা অংথোয়াইচিং মারমা, থুইচাপ্রু মারমা, ক্যসুইঅং মারমা, ক্যসাপ্রু মারমা, থুইচাঅং মারমা, পাইসুইপ্রু মারমা, আবছার হোসেন, মোহাম্মদ আলী, খোরশেদ আলম, আবদুল খালেকসহ ১০-১৫ পরিবারের খেত নষ্ট হয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মংউচিং মারমা বলেন, হাতির দলটি শুধু রাতে এসে লোকালয়ে হামলা চালাচ্ছে। ফসলে ব্যাপক ক্ষতি করেছে। এভাবে চলতে থাকলে বাড়িঘর ও মানুষের ওপর হামলা করতে পারে। হাতির হামলার আশঙ্কায় এলাকায় শত শত মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে।
ধলিয়া মারমা পাড়ার অংথোয়াইচিং মারমা ও থুইচাপ্রু মারমা বলেন, তাঁদের খেতের ধান, আম, লিচু, কাঁঠাল ও কলাবাগান হাতির দল নষ্ট করে দিয়েছে।
৫ মে সকালে কাপ্তাই-রাঙামাটি সড়কের কাপ্তাই জাতীয় উদ্যানের দুই কিলোমিটার এলাকায় হাতির আক্রমণে দুজন আহত হন। তাঁরা হলেন কাঠ ব্যবসায়ী মো. আজিম উদ্দিন (৪০) ও মো. জরিহ (৩৫)। তাঁরা কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার পথে সড়কের মাঝখানে চারটি হাতির সামনে পড়েন।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, ইউনিয়নের ধলিয়া মুসলিম ও মারমা পাড়া এলাকা বেশ কিছুদিন ধরে হাতির দল হামলা চালাচ্ছে। এ নিয়ে এলাকার লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।
এ বিষয়ে বন বিভাগের বাঙ্গালহালিয়া বিটের স্টেশন কর্মকর্তা কনক বড়ুয়া বলেন, পার্বত্য এলাকায় বন ব্যাপক ধ্বংস করা হয়েছে। বন ধ্বংস হওয়ায় হাতির আবাসস্থল হারিয়ে যাচ্ছে। খাবারেরও সংকট দেখা দিয়েছে। এ কারণে খাবারের খোঁজে মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে হাতির দল। বেশ কিছুদিন ধরে বাঙ্গালহালিয়া এলাকায় ২০ থেকে ২৫টি হাতি অবস্থান করছে। এলাকার বিভিন্ন খেত নষ্ট করে ফেলছে। হাতিগুলোকে গভীর বনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।