বোরো নিয়ে সংশয়ে হাকালুকির কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকায় সৃষ্ট দীর্ঘ জলাবদ্ধতা এখনো কাটেনি। চলতি মাসের মাঝামাঝি বোরো ধানের বীজতলা তৈরির কথা। অথচ অধিকাংশ জমি এখনো অথৈ পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় এবার বোরো খেত করা সম্ভব হবে কি না, সেটা নিয়ে কৃষকেরা সংশয়ে পড়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মৌসুমে হাওরপারের জমিতে বোরো ধানের ভালো ফলন হয়। কিন্তু টানা ভারী বর্ষণে গত এপ্রিল মাসের শেষ দিকে জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যায়। হাওর উপচে মৌলভীবাজার ও সিলেটের পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়।স্থানীয় লোকজনের ভাষ্যমতে, সিলেটের ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর মূল মোহনায় হাকালুকির বুড়িকোয়ারি বিলের কাছে একটি বাঁধ নির্মাণ করায় এবং এর শাখার মোহনায় স্থাপিত দুটি ইটভাটার খোয়া ফেলে রাখার কারণে পাশের কুশিয়ারা নদীতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে।কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের জালালপুর গ্রামের কৃষক তফাজ্জল আলী (৪৫) বলেন, ‘জমিনো তো অখনো পাঁচ-ছয় ফুট পানি। আলি চেরা (বীজতলা) করার জেগা কই। বোরো খেত অওয়ার আর কোনো লক্ষণ দেখিয়ার না।’কাইরচকের ফজলু মিয়া (৬০) বলেন, ‘এলাকার লোকজনে হখল সময় নিজোর খেতর চাউল খাইছে। বোরো না পাওয়ায় এই বছর দোকান থাকি কিনিয়া খাইতে অর।’ বড়লেখার সুজানগর ইউনিয়নের বড় ময়দান গ্রামের আবদুল জব্বার (৫৫) বলেন, ‘হুইনছি সরকারে বীজ-সার দিবা। পানি না গেলে ইতা দিয়া কিতা অইতো।’সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. হাবিবুর রহমান হাকালুকির দীর্ঘ জলাবদ্ধতা সরেজমিন পরিদর্শন করেন। পরে মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি দুটি বৈঠক করেন। এসব বৈঠকে মহাপরিচালক তিন দিনের মধ্যে জুড়ী নদীর শাখার মোহনা খনন করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন। ১১ দিন পার হলেও এখনো খননকাজ শুরু হয়নি।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার সম্প্রতি গত বোরো মৌসুমে অকালবন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের তিন লাখ ৮৫ হাজার কৃষককে পুনর্বাসন-সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ধানের বীজ, ২৫ কেজি ইউরিয়া, সাড়ে ১২ কেজি টিএসপি ও সাড়ে ১২ কেজি এমওপি দেওয়া হবে। মৌলভীবাজারের ৩৫ হাজার কৃষক এ সহায়তা পাবেন।সূত্র জানায়, কুলাউড়ায় প্রায় নয় হাজার ৮০০, জুড়ীতে ছয় হাজার ৮০০ এবং বড়লেখায় সাত হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত কৃষকের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাদা বলেন, ‘আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে বোরোর বীজতলা তৈরি করার কথা। হাওরপারের ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পুনর্বাসন-সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া চলছে।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মেঘনাঘাট থেকে নদীপথে আসা একটি খননযন্ত্র হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌঁছানোর পর নাব্যতা সংকটের কারণে আটকা পড়েছে। বিকল্প পথে সেটিকে ফেঞ্চুগঞ্জে নিয়ে আসা যায় কি না, এ ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।’