আশ্বিন মাস গেল বলে। যে জমিতে এখন আমন ধানের ফসল ঢেউ খেলার কথা। সেখানে জল থই থই করে। কবে নামবে পানি, কেউ জানে না। আসছে বোরোর মৌসুম। সংশয়ে আছেন কাওয়াদিঘি হাওরাঞ্চলের কৃষকেরা। দীর্ঘ জলাবদ্ধতার কারণে হাওরে এবার বোরো, আউশ ও আমনের ফসল হারিয়েছেন তাঁরা। এবার বোরোর পালা। কিন্তু পানি সময়মতো না নেমে গেলে এ ফসল ফলাতে পারবেন কি না, এ সংশয় তাঁদের পিছু ছাড়ে না। এলাকাবাসী জানিয়েছেন, মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার কাওয়াদিঘি হাওরাঞ্চলের জলাবদ্ধতা প্রায় ছয় মাস ধরে চলছে। কখনো পানি কিছুটা কমে। কিন্তু বৃষ্টি হলেই আবারও পানির উচ্চতা বেড়ে যায়। মৌসুমের প্রথম বৃষ্টিতেই হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। পাকা ও আধা-পাকা বোরো ফসল তখন পানিতে তলিয়ে যায়। অধিকাংশ খেতের ধানই তোলা সম্ভব হয়নি। এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ ধারণ করেছে। এখনো দফায় দফায় বাড়ছে পানি। এ কারণে রাজনগর উপজেলার ফতেহপুর ও পাঁচগাঁও ইউনিয়নের সমগ্র এবং মুন্সিবাজার, মনসুরনগর ইউনিয়নের আংশিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের চিত্রও একই রকম। এই ইউনিয়নগুলোর আউশ ফসল পানিতে তলিয়ে যায়। জমি থেকে পানি এখনো নামেনি। ওই জমিগুলোতে আমনের চাষও করা সম্ভব হয়নি। রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের মোকামবাজারের নোমান আহমদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মাসখানেকের মধ্যে পানি কমলে বোরো ফসল হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। কিন্তু পানি গত দুই দিন কমেছে। বৃহস্পতিবার আবার দম ধরেছে। কমার নাম নেই। এদিকে বৃষ্টি হলেই পানি বেড়ে যায়। তিনি বলেন, আশ্বিন মাসের শেষ থেকে বোরো ধানের হালিচারা তৈরির প্রস্তুতি শুরু হয়। দুর্ভাগ্যের বিষয় হলো, এখনো চারাজমি পানির নিচে পড়ে আছে। তিনি অভিযোগ করেন, যদি মনু নদ প্রকল্পের কাসিমপুর পাম্প হাউসের পাঁচটির মধ্যে চারটি পাম্পও সব সময় চালু রাখা হয়, তাহলে পানি দ্রুত কমবে। কিন্তু কিছু মাছচাষির সুবিধার্থে পানি আটকে রাখা হয়। পানি বেশি থাকলে মাছ বারবার ডিম দেয়। কিন্তু ধান চাষ না হলে কৃষকেরা কী খেয়ে বাঁচবে!হাওরাঞ্চলের কৃষকেরা জানিয়েছেন, ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি, শাহবাজপুর, ফতেহপুর, কাসিমপুর, রাজনগর-বালাগঞ্জ সড়কের পশ্চিম পাশে এখন ভাসানপানিতে কচুরিপানার দৌরাত্ম্য চলছে। ভাসানপানির সময় যদি এই কচুরিপানা হাওর থেকে কুশিয়ারা নদী দিয়ে বের করে দেওয়া না যায়, তাহলে পানি কমার সঙ্গে সঙ্গে তা জমিতে বসে যাবে। তখন এক বিঘা জমি থেকে কচুরিপানা পরিষ্কার করতে দেড় থেকে দুই হাজার টাকা খরচ হবে। অনেকের পক্ষে এ ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়বে। গত বছর কচুরিপানার কারণে অনেক জমি পতিত ছিল। রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর নূর আহমদ গতকাল বলেন, তাঁর ইউনিয়নের ৩৭টি গ্রামের দুই-চারটা বাদে সব কটা গ্রামই পানিবন্দী। এখনো চারাজমি পানির নিচে। অন্যান্য বছর এ মৌসুমে যেখানে পানি থাকে না, সেখানে এখন অন্তত তিন হাত পানি। এই কয়েক দিনে আধহাত পানি কমেছে। কিন্তু বৃষ্টি হলেই আবার বেড়ে যাবে। এ অবস্থা চলতে থাকলে বোরো ফসল ফলানো কঠিন হয়ে পড়বে। রাজনগর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কাওয়াদিঘি হাওরাঞ্চলে প্রায় সাড়ে তিন হাজার একর জমিতে জলাবদ্ধতার কারণে রোপা আমন ফসল ফলানো সম্ভব হয়নি। রাজনগরে কাওয়াদিঘি হাওরাঞ্চলের প্রায় ১২ হাজার একর জমিতে বোরোর ফসল হয়। কিন্তু সময়মতো পানি না কমলে, এ এলাকার বোরো ফসলের ব্যাপক ক্ষতি হবে। রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম চৌধুরী বলেন, নভেম্বরের শুরু থেকে বোরোর হালিচারা তৈরির সময়। তবে জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত ৪০ দিনের বোরোর চারা রোপণ করা যাবে। এর মধ্যে পানি কমলে খুব একটা সমস্যা হবে না।মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারী গতকাল বলেন, পানি কমছে না; বরং কোনো কোনো এলাকায় বাড়ছে। কিন্তু পাহাড়ি ঢল নামলেই সমস্যা প্রকট হয়ে ওঠে। তিনি জানান, জলাবদ্ধতার কারণে কাওয়াদিঘি হাওরের সদর উপজেলায় প্রায় দুই হাজার একর জমিতে আমন ফসল হয়নি। বোরো ফসল ফলানো নিয়েও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পানি নেমে গেলেই হয়। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক গতকাল বলেন, কুশিয়ারা নদীর পনি হাওরের পানির উচ্চতা থেকে নিচে নেমেছে। এখন পানি দ্রুত বেরিয়ে যাবে। আশা করা যায়, শিগগির জলাবদ্ধতা দূর হবে। পাম্প না চালানোর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘সব সময়ই তিন থেকে চারটা পাম্প চলে। একটা পাম্প সব সময় সংরক্ষিত রাখা হয়। তবে অনেক সময় বিদ্যুতের ভোল্টেজ থাকে না। মাছ চাষের জন্য পাম্প চালু না রাখার অভিযোগ ভিত্তিহীন।’